থেরাপিস্ট ঠিক না লাগলে, সেটা কি অস্বাভাবিক? থেরাপিস্টকে নিয়ে সন্দেহ হলে কী করবেন?
থেরাপিস্ট সত্যিই আপনাকে সাহায্য করছেন কিনা, এ নিয়ে ভাবা ভুল নয়। বরং এটা হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তাহলে পরের ধাপে কী করবেন, জেনে নিন।
%20Medium.jpeg?alt=media&token=546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6)
Mahbub Ul Asem
Psychologist

থেরাপি শুরু করার পর কয়েকটা সেশন হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ঠিক লাগছে না, এটা খুবই স্বাভাবিক। হয়তো আপনার থেরাপিস্ট এমন কিছু বলেছেন, যেটা মন থেকে মানতে পারেননি। হয়তো মনে হচ্ছে, তিনি আপনাকে ঠিক বুঝছেন না। সেশন শেষে ক্লান্ত, ফাঁকা, কিংবা “কথা বলা হলেও শোনা হলো না”, এমন অনুভূতি নিয়ে বের হচ্ছেন।
তখন একটা প্রশ্ন মাথায় আসে, “এই মানুষটা কি সত্যিই আমাকে বুঝতে পারছে বা সাহায্য করতে পারবে ?” বিশেষ করে আপনি যদি থেরাপিতে নতুন হন, তাহলে এই সন্দেহ আরও বেশি অস্বস্তিকর হতে পারে। মনে হতে পারে, “আমার ভাবনাগুলো কি আদৌ যুক্তিসঙ্গত?”
কিন্তু সত্যি কথা হলো, এই ধরনের সন্দেহ খুবই স্বাভাবিক। আর এগুলোকে এড়িয়ে না গিয়ে, ভালো করে বোঝা দরকার।
থেরাপিতে ‘ভাইব ম্যাচ’ কেন এত গুরুত্বপূর্ণ?
সাইকোলজিস্ট হিসেবে মনে করি, থেরাপি এমন একটা জায়গা হওয়া উচিত, যেখানে আপনি নিরাপদ, রেস্পেক্টেড এবং সহায়তা পাচ্ছেন অনুভব করবেন।
এখানে গুরুত্বপূর্ণ হলো থেরাপিষ্ট ‘ফিট’। এর মানে থেরাপিস্ট নিখুঁত বা বেস্ট কিনা তা নয়, বরং
- আপনি কি সেখানে নিজেকে মন খুলে প্রকাশ করতে পারছেন?
- থেরাপিস্ট কি আপনাকে শুনছে বা বুঝতে পারছে বলে মনে করছেন?
গবেষণায় (Kazantzis & Dobson, 2022) দেখা গেছে, থেরাপির সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো থেরাপিস্ট ও ক্লায়েন্টের সম্পর্ক, যাকে বলা হয় therapeutic relationship / allliance
কোথা থেকে এই সন্দেহ আসছে, একটু ভেবে দেখুন
সব অস্বস্তিই কিন্তু খারাপ লক্ষণ নয়। কখনও কখনও থেরাপি কাজ করছে বলেই অস্বস্তি হয়, কারণ:
- পুরোনো চেপে রাখা অনুভূতি, কষ্ট উঠে আসে
- নতুনভাবে দুর্বল হতে হচ্ছে
- নিজের সাথে সৎ হতে হচ্ছে
এই ক্ষেত্রে সাধারণত আপনি অনুভব করবেনঃ থেরাপিস্ট আপনার পাশে আছেন, আপনি নিরাপদ বোধ করছেন, সন্দেহ বা অস্বস্তির কথাও আপনি তার সাথে বলতে পারছেন। কিন্তু অন্য সময় সন্দেহের মানে হতে পারে
- আপনাদের স্টাইলের মিল নেই
- আপনি নিজেকে অবহেলিত মনে করছেন
- আপনার প্রয়োজনগুলো ঠিকভাবে থেরাপিস্টের কাছে ধরা পড়ছে না, বা থেরাপিস্ট ধরতে পারছে না
নিজেকে কিছু প্রশ্ন করতে পারেন:
- সেশনে বা পরে আমার শরীর-মন কেমন অনুভব করে?
- আমি কি নিজের কথা পুরোটা বলতে পারি?
- আমি যা চাই, সেটা কি স্পষ্ট করে বলেছি?
- সেশনের একটা জিনিস বদলাতে পারলে সেটা কী হতো?
কখন কথা বলবেন, আর কখন ছেড়ে দেবেন?
যদি থেরাপিস্ট
- সীমা লঙ্ঘন করেন
- অসম্মানজনক বা পক্ষপাতদুষ্ট কথা বলেন
- আপনাকে অনিরাপদ বোধ করান
আপনার পুরো অধিকার আছে সঙ্গে সঙ্গে থেরাপি বন্ধ করার। তবে পরিস্থিতি যদি এতটা গুরুতর না হয়, আর নিরাপদ মনে হয়, তাহলে সন্দেহগুলো সেশনেই তুলে ধরা উপকারী হতে পারে। যেমন বলতে পারেন:
- “সাম্প্রতিক সময়ে আমাদের কাজ নিয়ে আমি একটু দ্বিধায় আছি।”
- “গত সেশনে একটা কথা আমাকে অস্বস্তিতে ফেলেছিল, সেটা নিয়ে কথা বলতে চাই।”
একজন ভালো থেরাপিস্ট এতে বিরক্ত হবেন না। বরং এই আলোচনা থেকেই অনেক সময় থেরাপিউটিক সম্পর্ক আরও পরিষ্কার ও গভীর হয়। কিন্তু যদি দেখেন
- তিনি আত্মরক্ষামূলক হয়ে যাচ্ছেন
- আপনার অভিজ্ঞতাকে হালকা করে দেখছেন
- বলছেন, “এটাই আমার স্টাইল”
তাহলে সেটা একটা সংকেত, এই থেরাপিষ্ট হয়তো আপনার জন্য নয়।
থেরাপি ছাড়লে কি ভুল কিছু হয়?
একদমই না। থেরাপি একটা পেশাগত সম্পর্ক। সব সম্পর্কই চিরস্থায়ী হয় না। আপনি চাইলে থেরাপিস্টকে জানাতে পারেন কেন আপনি থেরাপি কন্টিনিউ করতে চান না। এতে
- তিনি বুঝবেন আপনি নিরাপদ আছেন
- প্রয়োজনে অন্য কারও কাছে রেফার করতে পারবেন
কিন্তু আপনি যদি কিছু না বলতেও চান, সেটাও ঠিক আছে। যদি সত্যিই কোনো ক্ষতি বা অনৈতিক আচরণ ঘটে থাকে, তাহলে অভিযোগ করার অধিকারও আপনার আছে।
একবার খারাপ অভিজ্ঞতা মানেই থেরাপি আপনার জন্য নয়, তা নয়
অনেক মানুষই একাধিক থেরাপিস্ট দেখার পর নিজের জন্য ঠিক থেরাপিষ্ট / কাউন্সেলর খুঁজে পান। কারণ,
- কেউ চান প্র্যাকটিক্যাল টুলস
- কেউ চান গভীর আত্মঅনুসন্ধান
- কেউ চান দুটোর মিশ্রণ
থেরাপির ধরনও আলাদা আলাদা:
- CBT: চিন্তা ও আচরণ বদলাতে সাহায্য করে
- ERP: OCD ও ফোবিয়ার জন্য কার্যকর
- SFT: ফ্যামিলির মধ্যে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে
একটা পদ্ধতি কাজ না করলে, অন্যটা কাজ করতেই পারে।
থেরাপিস্ট নিয়ে সন্দেহ হওয়া মানে আপনি ব্যর্থ নন। এটা আপনি এবং আপানর থেরাপিস্ট এর জন্যে ফিডব্যাক। থেরাপি আপনার জন্য। আপনি প্রশ্ন করতে পারেন। থেরাপির সবচেয়ে সুন্দর জায়গাটা হলো, এটা এমন এক জায়গা হওয়া উচিত, যেখানে আপনি পুরোপুরি নিজে হতে পারেন।
এখনই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন
আপনার প্রিয়জনের পাশে থাকুন এবং কাউন্সেলিং নিতে তাদের উদ্বুদ্ধ করুন।
Kazantzis, N., & Dobson, K. S. (2022). Therapeutic relationships in cognitive behavioral therapy: Theory and recent research. Psychotherapy Research, 32(8), 969–971. https://doi.org/10.1080/10503307.2022.2124047
Did you find this article helpful?
%20Medium.jpeg?alt=media&token=546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6)
Mahbub Ul Asem
Psychologist
I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.