আপনার মানসিক স্বাস্থ্য কি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে?
Feeling tired, disconnected, anxious, or unlike yourself lately? Learn the common signs that your mental health may need more attention and when it may be time to seek support.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

সারাদিন সব কাজই করছেন, কিন্তু ভেতর থেকে যেন কোনো শক্তি পাচ্ছেন না। ছোট ছোট বিষয়েও হঠাৎ রেগে যাচ্ছেন, আবার একা থাকলে অকারণে কান্না পাচ্ছে। রাতে অনেক ক্লান্ত থাকার পরও ঘুম আসছে না, আর সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে, "আজও একটা দিন somehow পার করতে হবে।"
অনেকেই এমন সময় নিজের মনকে বোঝানোর চেষ্টা করেন, "এটা হয়তো কয়েকদিনের ব্যাপার", "কাজের চাপ কমলেই ঠিক হয়ে যাবে" কিংবা "আমার মতো সবারই তো এমন হয়।" কিন্তু আমাদের মনও শরীরের মতোই আগে থেকেই কিছু সংকেত দিতে শুরু করে। আমরা যদি সেই সংকেতগুলো বারবার উপেক্ষা করি, তাহলে একসময় ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে।
Key Takeaways
- সব কাজ ঠিকঠাক করেও যদি অনেক দিন ধরে ভেতরে ভেতরে ক্লান্ত বা ফাঁকা লাগে, তাহলে সেটা একটু খেয়াল করা দরকার।
- আগে যেসব জিনিস ভালো লাগত সেগুলো আর ভালো না লাগা, ঘুমের সমস্যা বা সবসময় দুশ্চিন্তা হওয়াকে বারবার এড়িয়ে যাবেন না।
- কয়েকদিন মন খারাপ থাকলেই বড় কোনো সমস্যা হয়েছে, এমন না। তবে একই অবস্থা সপ্তাহের পর সপ্তাহ চললে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা ভালো।
- মন খারাপ বা ক্লান্তির কারণে যদি কাজ, পড়াশোনা বা মানুষের সঙ্গে মেলামেশা কঠিন হয়ে যায়, তখন সাহায্য নেওয়ার কথা ভাবতে পারেন।
- নিজের কষ্টকে “এগুলো কিছু না” বলে চেপে না রেখে কাছের কারও সঙ্গে বা একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলা সাহায্য করতে পারে।
অনেকের ধারণা, মানসিক স্বাস্থ্য খারাপ মানেই সারাক্ষণ কাঁদতে হবে বা খুব বিষণ্ন থাকতে হবে। বাস্তবে বিষয়টি অনেক আলাদা।
কখনো হয়তো আপনি বাইরে থেকে একদম স্বাভাবিক। অফিস করছেন, ক্লাস করছেন, বন্ধুদের সঙ্গে ঘুরছেন। কিন্তু ভেতরে ভেতরে এতটাই ক্লান্ত যে কোনো কিছুই আর আগের মতো ভালো লাগে না। এমনও হতে পারে, আপনি নিজেই বুঝতে পারছেন না ঠিক কী হয়েছে, শুধু মনে হচ্ছে "আমি আগের মানুষটা নেই।"
এই পরিবর্তনগুলোই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত।
আগের মতো কোনো কিছুতেই আর ভালো লাগে না
একসময় যেসব কাজ করতে ভালো লাগত, বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা দেখা, গান শোনা কিংবা নিজের শখের কাজ, এখন সেগুলো করতেও ইচ্ছা হয় না। আপনি হয়তো সবকিছুই করছেন, কিন্তু শুধু করার জন্য করছেন। আনন্দটা যেন কোথাও হারিয়ে গেছে। এক-দুই দিন এমন হতেই পারে। কিন্তু যদি সপ্তাহের পর সপ্তাহ এমন চলতে থাকে, তাহলে সেটাকে শুধু "মুড অফ" বলে এড়িয়ে যাওয়া ঠিক হবে না।
ছোট ছোট বিষয়েও মনটা খুব সহজে ভেঙে যায়
আগে যে কথাগুলো শুনে হয়তো কিছুই মনে হতো না, এখন সেগুলোই সারাদিন মাথায় ঘুরতে থাকে। কেউ রিপ্লাই দিতে একটু দেরি করলেই মনে হয়, “হয়তো সে আমার ওপর রাগ করেছে।” অফিসে ছোট একটা ভুল করলেই মনে হয়, “আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না।” আসলে যখন মন অনেকদিন ধরে চাপের মধ্যে থাকে, তখন ছোট ঘটনাগুলোকেও অনেক বড় মনে হতে শুরু করে।
শরীর ক্লান্ত, কিন্তু ঘুমটা ঠিকমতো হচ্ছে না
সারাদিন কাজ করার পরও রাতে বিছানায় শুয়ে শুধু এপাশ-ওপাশ করছেন। আবার অনেকের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। সুযোগ পেলেই ঘুমাতে ইচ্ছা করে, তবুও ঘুম ভাঙার পর মনে হয় শরীর একদম রিফ্রেশ হয়নি। আমাদের মানসিক চাপ সবচেয়ে আগে প্রভাব ফেলে ঘুমের ওপর। তাই ঘুমের এই পরিবর্তনগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়।
সবসময় একটা অদৃশ্য দুশ্চিন্তা কাজ করে
কোনো নির্দিষ্ট কারণ নেই, তবুও মনে হয় কিছু একটা খারাপ হবে। মাথার ভেতর একই চিন্তা বারবার ঘুরতে থাকে। ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ, কিংবা অকারণে বুক ধড়ফড় করা, এসবও হতে পারে মানসিক চাপের লক্ষণ।
মানুষজনের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না
আগে বন্ধুদের ফোন করতেন, পরিবারের সঙ্গে গল্প করতেন। এখন কারও সঙ্গে কথা বলার শক্তিটুকুও যেন নেই। অনেকেই এই সময় একা থাকতে চান। কিন্তু সেই একাকীত্ব ধীরে ধীরে আরও বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
ছোট ছোট কাজও এখন অনেক কঠিন মনে হয়
আগে যে কাজ দশ মিনিটে শেষ করতেন, এখন সেটাই করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। মন বসছে না। বারবার ভুল হচ্ছে। কোনো সিদ্ধান্ত নিতে গেলেও মনে হচ্ছে মাথা কাজ করছে না। অনেকেই এটাকে অলসতা ভাবেন। কিন্তু অনেক সময় এটি মানসিক ক্লান্তিরই প্রকাশ।
তাহলে কি প্রতিদিন খারাপ লাগলেই চিন্তার কারণ?
না। আমাদের সবার জীবনেই এমন সময় আসে, যখন কাজের চাপ, সম্পর্কের সমস্যা বা কোনো কঠিন পরিস্থিতির কারণে কয়েকদিন মন খারাপ থাকে।
তবে যদি এই অনুভূতিগুলো দুই সপ্তাহ বা তারও বেশি সময় ধরে থাকে, অথবা এগুলোর কারণে আপনার কাজ, পড়াশোনা, সম্পর্ক কিংবা দৈনন্দিন জীবন ব্যাহত হতে শুরু করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সাময়িক খারাপ লাগা | সাহায্য নেওয়ার সময় হতে পারে |
| কয়েকদিন থাকে | সপ্তাহের পর সপ্তাহ থাকে |
| ধীরে ধীরে কমে যায় | সময়ের সঙ্গে আরও বাড়ে |
| কাজ চালিয়ে নেওয়া যায় | কাজ, পড়াশোনা বা সম্পর্ক প্রভাবিত হয় |
| বিশ্রাম নিলে ভালো লাগে | বিশ্রামেও খুব একটা পরিবর্তন আসে না |
নিজের জন্য কী করতে পারেন?
প্রথমেই নিজের অনুভূতিকে ছোট করে দেখা বন্ধ করুন। কারণ "এগুলো কিছু না" বলতে বলতে অনেক সময় আমরা নিজের কষ্টকেই অস্বীকার করি।
চেষ্টা করুন নিয়মিত ঘুমাতে, শরীরের যত্ন নিতে, নিজের পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাতে। প্রতিদিন অল্প হলেও এমন কিছু করুন, যা আপনাকে একটু স্বস্তি দেয়।
আর যদি মনে হয় অনেকদিন ধরেই এই অনুভূতিগুলো আপনাকে ছাড়ছে না, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলতে দ্বিধা করবেন না। সময়মতো সঠিক সহায়তা অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।
আপনি কি অনেকদিন ধরে নিজের মনকে শুধু "সহ্য করে" যাচ্ছেন?
যদি মনে হয় দুশ্চিন্তা, ক্লান্তি, মন খারাপ বা আগের মতো জীবনকে উপভোগ করতে না পারা আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে, তাহলে সেটাকে অবহেলা না করা সবচেয়ে ভালো হতে পারে।
Relaxy-এর অভিজ্ঞ কাউন্সেলরদের সঙ্গে কল সেশন বা চ্যাট সেশনের মাধ্যমে আপনি নিরাপদ ও গোপনীয় পরিবেশে নিজের কথা বলতে পারেন। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার সিদ্ধান্তটি হয়তো আজ থেকেই শুরু হতে পারে।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.