বিশ্বাস ভেঙে যাওয়ার পর কি সম্পর্ক আগের মতো হতে পারে? নাকি সবকিছু সেখানেই শেষ?
Can a relationship recover after trust is broken? Learn why betrayal hurts so deeply, when trust can be rebuilt, and how to decide what is healthiest for you and your relationship.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, একদিন সেই মানুষই এমন কিছু করল, যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো মিথ্যা বলেছে। হয়তো কোনো কথা লুকিয়েছে। হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, যা আপনার বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছে। তারপর থেকেই সবকিছু বদলে গেছে। সে একই কথা বলছে, কিন্তু আপনি আগের মতো বিশ্বাস করতে পারছেন না। ফোন বেজে উঠলেই সন্দেহ হয়। দেরি করে রিপ্লাই দিলে মনে হয় কিছু লুকানো হচ্ছে। এমনকি সে সত্যি বললেও, আপনার মন বারবার বলছে, "যদি আবারও এমন হয়?"
অনেকেই তখন একটা প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, একবার বিশ্বাস ভেঙে গেলে, সেটা কি আবার ফিরে পাওয়া সম্ভব? এর উত্তর এক কথায় "হ্যাঁ" বা "না" নয়। কারণ বিশ্বাস ভাঙার ধরন যেমন একেক রকম, তেমনি তা ফিরে পাওয়ার পথও একেক সম্পর্কের জন্য আলাদা।
আজ আমরা কথা বলব, বিশ্বাস ভেঙে গেলে মানুষের মনে কী ঘটে, কোন পরিস্থিতিতে সম্পর্ক আবার গড়ে তোলা সম্ভব, আর কখন নিজেকে সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
Key Takeaways
- বিশ্বাস ভেঙে গেলে আগের মতো স্বাভাবিক হতে সময় লাগতেই পারে, তাই নিজেকে তাড়াহুড়ো করতে বাধ্য করার দরকার নেই।
- কাউকে ক্ষমা করা আর তাকে আবার আগের মতো বিশ্বাস করা এক জিনিস না।
- শুধু “আর এমন হবে না” শুনলেই সব ঠিক হয়ে যায় না, মানুষটা সত্যিই বদলাচ্ছে কি না সেটাও দেখা দরকার।
- বারবার সন্দেহ হচ্ছে বলে নিজেকে দোষ দেবেন না। বিশ্বাসে আঘাত লাগার পর এমন অনুভূতি আসতেই পারে।
- সম্পর্কটা রাখবেন নাকি সরে আসবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কষ্ট, নিরাপত্তা আর মানসিক শান্তির কথাও ভাবুন।
বিশ্বাস ভাঙলে এত কষ্ট কেন হয়?
আমরা যখন কাউকে বিশ্বাস করি, তখন শুধু তার কথাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, সে আমাদের আঘাত করবে না। প্রয়োজনের সময় পাশে থাকবে। আমাদের দুর্বলতাকে অস্ত্র বানাবে না। তাই সেই বিশ্বাস ভেঙে গেলে শুধু একটা ঘটনা আমাদের কষ্ট দেয় না। ভেঙে যায় নিরাপত্তার অনুভূতি।
অনেকেই বলেন, "আমি ওর কাজের জন্য যতটা কষ্ট পাইনি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই ভেবে যে আমি মানুষটাকে চিনতেই পারিনি।"
এ কারণেই বিশ্বাস ভাঙার পর মানুষ শুধু অন্যকে নয়, অনেক সময় নিজেকেও সন্দেহ করতে শুরু করে।
বিশ্বাস ভাঙার পর কী কী অনুভূতি আসতে পারে?
বিশ্বাস ভেঙে যাওয়ার পর সবাই যে একইভাবে প্রতিক্রিয়া দেখাবে, এমন নয়। কেউ খুব রেগে যান, কেউ চুপ হয়ে যান, আবার কেউ স্বাভাবিক থাকার চেষ্টা করেন। কিন্তু ভেতরে ভেতরে অনেক ধরনের অনুভূতি একসঙ্গে কাজ করতে পারে। শুরুতে হয়তো কী অনুভব করছেন, সেটাই বুঝে উঠতে পারবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতিগুলো আরও স্পষ্ট হতে শুরু করে।
বারবার একই ঘটনা মাথায় ঘুরতে থাকে
কী হয়েছিল, কেন হয়েছিল, কোথায় ভুল হলো, এই প্রশ্নগুলো মাথা থেকে সরতেই চায় না। একই কথোপকথন, একই মুহূর্ত বা একই দৃশ্য বারবার মনে পড়ে। অনেকেই ভাবতে থাকেন, "আমি যদি সেদিন এটা বলতাম..." বা “আগেই যদি বুঝতে পারতাম...” এভাবে বারবার ঘটনাটা মনে আসার কারণ হলো, আমাদের মন আসলে কী ঘটেছে এবং কেন ঘটেছে, সেটার উত্তর খুঁজতে থাকে। কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না বলেই চিন্তার চক্রটাও সহজে থামে না।
ছোট ছোট বিষয়েও সন্দেহ তৈরি হয়
আগে যেসব বিষয় নিয়ে কখনো ভাবতেন না, এখন সেগুলোও অস্বস্তি তৈরি করতে পারে। দেরিতে বাসায় ফেরা, ফোন সাইলেন্ট থাকা, মেসেজের উত্তর দিতে দেরি হওয়া কিংবা আচরণে সামান্য পরিবর্তন, সবকিছুতেই মনে হতে পারে, “আবার কিছু লুকানো হচ্ছে না তো?” অনেক সময় মানুষ নিজের ইচ্ছায় এমন সন্দেহ করে না। বরং বিশ্বাস ভেঙে যাওয়ার পর মন নিজেকে আবার আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তাই আগে যেগুলোকে স্বাভাবিক মনে হতো, সেগুলোও এখন সতর্কতার সংকেত বলে মনে হতে পারে।
নিজের ওপরও আস্থা কমে যায়
শুধু অন্য মানুষকে নয়, অনেক সময় নিজের ওপরও বিশ্বাস কমে যেতে শুরু করে। মনে হতে পারে,
"আমি এতদিন বুঝতে পারলাম না কেন?"
"আমি কি মানুষ চিনতেই পারি না?"
"আমার বিচার কি সবসময়ই ভুল হয়?"
ধীরে ধীরে মানুষ নিজের সিদ্ধান্ত, অনুভূতি এমনকি নিজের বিচারক্ষমতা নিয়েও সন্দেহ করতে শুরু করতে পারে। এই আত্মসন্দেহ অনেক সময় বিশ্বাস ভাঙার কষ্টকে আরও গভীর করে তোলে।
ভালোবাসা আর কষ্ট, দুটোই একসঙ্গে থাকে
বিশ্বাস ভেঙে যাওয়ার মানেই যে ভালোবাসা এক মুহূর্তে শেষ হয়ে যাবে, এমন নয়। অনেক সময় মানুষটাকে এখনো ভালো লাগে, তার কথা মনে পড়ে, তাকে হারাতেও কষ্ট হয়। আবার একই সঙ্গে তার ওপর প্রচণ্ড রাগ, অভিমান এবং হতাশাও কাজ করে। এই দুই বিপরীত অনুভূতি একসঙ্গে থাকায় মানুষ প্রায়ই দ্বিধায় পড়ে যায়। এক মুহূর্তে মনে হয় সম্পর্কটা ঠিক করার চেষ্টা করা উচিত, আবার পরের মুহূর্তেই মনে হয় আর কখনোই আগের মতো বিশ্বাস করা সম্ভব হবে না। এই টানাপোড়েনই বিশ্বাস ভাঙার পরের সময়টাকে এত কঠিন করে তোলে।
ক্ষমা করা আর আবার বিশ্বাস করা কি একই জিনিস?
অনেকেই মনে করেন, কাউকে ক্ষমা করে দিলেই আবার আগের মতো বিশ্বাস করতে হবে। আসলে এই দুটি বিষয় এক নয়।
ক্ষমা করা মানে আপনি হয়তো নিজের কষ্ট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। আর সেই সময় শুধু আপনার ওপর নির্ভর করে না। যার কারণে বিশ্বাস ভেঙেছে, তার আচরণও এখানে খুব গুরুত্বপূর্ণ।
এক কথায় বলতে গেলে, ক্ষমা একটি সিদ্ধান্ত হতে পারে, কিন্তু বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে।
বিশ্বাস আবার গড়ে তোলা সম্ভব কখন?
সব সম্পর্কই যে ঠিক হয়ে যাবে, এমন নয়। তবে কিছু বিষয় থাকলে সম্পর্ক নতুন করে গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে।
যখন সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা বেশি | যখন সতর্ক হওয়া প্রয়োজন |
| ভুলের দায়িত্ব স্বীকার করা হয় | বারবার অস্বীকার করা হয় |
| নিজের আচরণ বদলানোর চেষ্টা দেখা যায় | একই ঘটনা বারবার ঘটে |
| আপনার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় | আপনার কষ্টকে "বাড়াবাড়ি" বলা হয় |
| সময় নিয়ে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করা হয় | দ্রুত "সব ভুলে যাও" চাপ দেওয়া হয় |
| খোলামেলা কথা বলার সুযোগ থাকে | প্রশ্ন করলেই রাগ বা ভয় দেখানো হয় |
তাহলে বিশ্বাস ফিরিয়ে আনতে কী করা যেতে পারে?
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেয়া
বিশ্বাস ভাঙার পরপরই সম্পর্ক রেখে দেবেন, নাকি শেষ করবেন, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে সময় দিন। বড় আঘাতের পর আবেগ খুব তীব্র থাকে। তাই নিজের অনুভূতিগুলো একটু স্থির হতে দেওয়া জরুরি।
নিজের কষ্টকে ছোট করে দেখা বন্ধ করুন
অনেকেই বলেন,
"আচ্ছা, এত বড় কিছু তো হয়নি।"
"সব সম্পর্কেই এমন হয়।"
কিন্তু যদি কোনো ঘটনা আপনার বিশ্বাসে আঘাত করে থাকে, তাহলে সেই কষ্টটাও সত্যি। নিজেকে বোঝানোর জন্য নিজের অনুভূতিকে অস্বীকার করার প্রয়োজন নেই।
কথা বলুন, কিন্তু অভিযোগের ভাষায় নয়
যদি সম্পর্কটা ধরে রাখতে চান, তাহলে এমনভাবে কথা বলার চেষ্টা করুন যাতে দুজনই নিজের অনুভূতি বলতে পারেন।
"তুমি সবসময়..." বলার বদলে, “ঘটনাটার পর আমি নিজেকে নিরাপদ মনে করতে পারছি না।” এভাবে বললে অনেক সময় কথোপকথন আরও ফলপ্রসূ হয়।
পরিবর্তন শুধু কথায় নয়, কাজে দেখুন
"আমি আর এমন করব না", এই কথাটি গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে সেই পরিবর্তন সত্যিই দেখা যাচ্ছে কি না। বিশ্বাস সুন্দর কথায় নয়, ধারাবাহিক আচরণে ফিরে আসে।
প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প নিন
কখনো কখনো বিশ্বাস ভাঙার প্রভাব এত গভীর হয় যে, দুজন চাইলেও একা সামলানো কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত কাউন্সেলিং বা দম্পতি কাউন্সেলিং (Couples Therapy) এমন পরিস্থিতিতে নিরাপদভাবে কথা বলার সুযোগ তৈরি করতে পারে। এতে সম্পর্ক টিকবেই, এমন নিশ্চয়তা নেই। তবে সিদ্ধান্ত নেওয়া এবং নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে বোঝা অনেক সহজ হতে পারে।
বিশ্বাস ভেঙে যাওয়ার পর আপনি কি এখনো সেই ঘটনার ভার বয়ে বেড়াচ্ছেন?
কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ হলো, কী সিদ্ধান্ত নেবেন সেটা নয়, বরং নিজের অনুভূতিগুলোকে বুঝে ওঠা। যদি মনে হয় বিশ্বাস ভাঙার পরের কষ্ট, সন্দেহ বা ভয় আপনার প্রতিদিনের জীবন, সম্পর্ক বা মানসিক শান্তিকে প্রভাবিত করছে, তাহলে একা সবকিছু সামলানোর চেষ্টা করবেন না।
Relaxy-এর অভিজ্ঞ কাউন্সেলরদের সঙ্গে কল সেশন বা চ্যাট সেশন বুক করে নিরাপদ ও গোপনীয় পরিবেশে নিজের অনুভূতিগুলো নিয়ে কথা বলতে পারেন। কারণ ভেঙে যাওয়া বিশ্বাসের পরও, নিজের সুস্থতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সবসময়ই থাকে।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.