“ইয়েস” ম্যান: পিপল-প্লিজারদের মনস্তত্ত্ব ও এর থেকে বাহির হওয়ার উপায়
সবার সব কথায় 'হ্যাঁ' বলা বা পিপল-প্লিজিং মানসিকতা আপনার মানসিক শান্তি ও ব্যক্তিত্ব ক্ষতি করতে পারে। জেনে নিন এর মনস্তত্ত্ব, ক্ষতিকর দিক এবং এই চক্র থেকে বেরিয়ে আসার উপায়।
%2520Medium.jpeg%3Falt%3Dmedia%26token%3D546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6&w=3840&q=75)
Mahbub Ul Asem
Psychologist

আপনি কি সবার সব কথায় ‘হ্যাঁ’ বলে দেন, এমনকি যখন আপনার শরীর আর বিন্দুমাত্র টানছে না? মুখে হাঁসি ফুটিয়ে সবার সাথে তাল মিলিয়ে চলছেন, অথচ ভেতরে ভেতরে জমা হচ্ছে ক্লান্তি আর ক্ষোভ? নিজের সব চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে যদি সারাক্ষণ অন্যদের খুশি করতেই ব্যস্ত থাকেন, তবে হতে পারে আপনি ‘পিপল-প্লিজিং’ (People-Pleasing) মানসিকতায় ভুগছেন।
পিপল-প্লিজার আসলে কারা?
একজন পিপল-প্লিজার সবসময় অন্যদের খুশি করতে ব্যাকুল থাকেন। এর পেছনে কাজ করে ইগনোর্ড হওয়ার ভয়, হীনমন্যতা, কিংবা সবার কাছে ভালো দেখানোর এক তীব্র তাড়না। সহযোগিতা , সহানুভূতি বা সহমর্মিতার সাথে এর পার্থক্য রয়েছে। পরিষ্কার মন থেকে আসা সহযোগিতা মানুষকে মানসিক শান্তি দেয়, কিন্তু পিপল-প্লিজিং আসে মূলত ভয় আর নিজের আত্মমর্যাদাবোধের অভাব থেকে। এদের সাধারণ কিছু লক্ষণ হলো:
- ‘না’ বলতে না পারা অথবা ‘না’ বললে অপরাধবোধে ভোগা।
- ঝগড়া বা সংঘাত এড়িয়ে চলতে যেকোনো মূল্যে অন্যকে শান্ত রাখা।
- কোনো দোষ না করলেও ঘন ঘন মাফ চাওয়া।
- নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলা, অন্যের পছন্দ-অপছন্দই তখন নিজের পছন্দ হয়ে দাঁড়ায়।
নেপথ্যের কারণ: আমরা কেন এমন করি?
অনেকের ক্ষেত্রেই এই অভ্যাসের গোড়াপত্তন হয় শৈশবে। হয়তো ছোটবেলা থেকেই আপনাকে শেখানো হয়েছে যে "ভালো মানুষ" মানেই কখনো রাগ না দেখানো বা সব পরিস্থিতিতে স্যাক্রিফাইজ করা। ছোটো থেকেই যদি মা-বাবা কন্ডিশনাল ভালোবাসা দেখায়, তবে শিশু মনে এই ধারণা জন্ম নেয় যে অন্যদের কথা শুনলেই কেবল সে ভালোবাসা পাওয়ার যোগ্য।
এই আচরণকে এক ধরনের ট্রমা রেসপন্স বা "ফনিং" (Fawning) বলা হয়। কোনো বিবাদ বা বিপদ এড়াতে নিজেকে অন্যের কাছে সমর্পণ করে নিরাপদ থাকার চেষ্টা করাকেই ফনিং বলে। ধীরে ধীরে এটি এমন পরনির্ভরশীলতায় রূপ নেয়, যেখানে নিজের মানসিক মূল্য পুরোপুরি নির্ভর করে অন্যের প্রশংসার ওপর।
সারাক্ষণ 'হ্যাঁ' বলার মাশুল
বাইরে থেকে একে ‘সহযোগী স্বভাব’ মনে হলেও, অতিরিক্ত পিপল-প্লিজিং আসলে এক ধরনের আত্মরক্ষামূলক অভ্যাস। অন্যকে অসন্তুষ্ট করতে নিজেদের যে অস্বস্তি হয়, তা এড়াতেই ব্যক্তি এটা করে। এই অভ্যাসের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে:
- মানসিক স্বাস্থ্য: এটি অতিরিক্ত দুশ্চিন্তা (Anxiety) এবং বিষণ্নতার (Depression) জন্ম দেয়।
- মানসিক ক্লান্তি (Burnout): নিজেকে খালি করে অন্যকে দিতে গিয়ে একসময় তীব্র বিষাদ আর রাগ জমতে থাকে।
- সম্পর্কের ক্ষতি: আপনি নিজের যত্ন, ঘুম বা জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন দেখে কাছের মানুষগুলোও একসময় বিরক্ত বা হতাশ হয়ে পড়ে।
যেভাবে নিজেকে সামলে নেবেন
একটু সচেতন চেষ্টা আর নিজের প্রতি যত্নশীল হলে এই অভ্যাস থেকে বের হয়ে আসা সম্ভব:
- 'না' শব্দটিকে নতুন করে বুঝুন: মনে রাখবেন, 'না' বলাটা কাউকে অপমান করা নয়; বরং এটি নিজের প্রতি সম্মান এবং নিজের বাউন্ডারী নির্ধারণের উপায়।
- বাউন্ডারী তৈরি করুন: কোনো অনুরোধের উত্তর দেওয়ার আগে ভাবুন তা যৌক্তিক কি না। সবসময় অন্যের রিঅ্যাকশন সামলানোর দায় আপনার নয়।
- নিজের চাওয়া বুঝতে চেষ্টা করুন: কোনো কাজে সম্মত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন—আপনি কি ভালো লাগার জায়গা থেকে সাহায্য করছেন, নাকি না বললে কেউ অসন্তুষ্ট হবে—সেই ভয়ে করছেন?
- আত্মউন্নয়নে মনযোগ দিন: নিজের আসল মূল্যবোধ, পছন্দ ও আবেগকে বুঝতে শিখুন। অন্যের চেয়ে নিজেকে ভালো রাখা আপনার বড় দায়িত্ব।
বিশেষজ্ঞের পরামর্শ
যেহেতু এই অভ্যাসগুলো খুব ছোটবেলা থেকে মনে গেঁথে থাকে, তাই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সাহায্য নেওয়া বেশ কার্যকর হতে পারে। থেরাপির মাধ্যমে আপনি নিজের মত প্রকাশ করা, নিজের সিমানা রক্ষা করা এবং আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম হবেন।
দিনশেষে, নিজের ব্যক্তিত্ব না হারিয়েও আপনি সবার সাথে সদয় আচরণ করতে পারেন। অন্যের সময়ের মতো আপনার নিজের সময় এবং অনুভূতিরও সমান মূল্য রয়েছে।
This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.
Last updated: October 14, 2026
Did you find this article helpful?
%2520Medium.jpeg%3Falt%3Dmedia%26token%3D546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6&w=3840&q=75)
Mahbub Ul Asem
Psychologist
I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.