বন্ধুর প্রতি হিংসা হচ্ছে? এই অনুভূতিটা কেন হয়, আর কীভাবে সামলাবেন?
Feeling jealous when a friend succeeds does not make you a bad person. Learn why jealousy happens, how comparison affects you, and simple ways to manage these feelings without hurting yourself or the friendship.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

আপনার কোনো বন্ধু নতুন চাকরি পেল, ভালো রেজাল্ট করল, কিংবা নিজের জীবনে এমন কিছু অর্জন করল যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন। আপনি তাকে অভিনন্দনও জানালেন। কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করল। মনটা হালকা খারাপ হয়ে গেল। মনে হলো, “ও পারল, আমি কেন পারলাম না?” তারপরই হয়তো নিজের ওপরই রাগ হলো। “আমি কি তাহলে খারাপ মানুষ? বন্ধুর ভালোও কি সহ্য হচ্ছে না?”
বন্ধুত্বের সম্পর্কেও হিংসা (Jealousy) বা ঈর্ষার অনুভূতি আসতে পারে। এটা মানুষ হিসেবে খুবই স্বাভাবিক একটি অনুভূতি। সমস্যা তখনই হয়, যখন আমরা এই অনুভূতিটাকে না বুঝে লুকিয়ে রাখি বা এর প্রভাবে এমন আচরণ করি, যা ধীরে ধীরে সম্পর্কটাকেই নষ্ট করে দেয়।
আজ আমরা জানব, বন্ধুর প্রতি হিংসা কেন হয়, কীভাবে বুঝবেন এই অনুভূতিটা আপনার মধ্যে কাজ করছে, আর কীভাবে এটাকে স্বাস্থ্যকরভাবে সামলানো যায়।
Key Takeaways
- বন্ধুর ভালো কিছু হলে মনটা একটু খারাপ লাগতেই পারে, তাই বলে নিজেকে খারাপ মানুষ ভাবার দরকার নেই।
- বারবার অন্যের সঙ্গে নিজের জীবন মেলালে নিজের ভালো দিকগুলোই চোখ এড়িয়ে যেতে পারে।
- হিংসা লাগলে আগে বোঝার চেষ্টা করুন, আসলে কোন না-পাওয়া বা কষ্টটা আপনাকে বেশি ভাবাচ্ছে।
- অন্যের জীবনে যা দেখছেন, সেটাই পুরো গল্প না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়।
- তুলনা বা হিংসা যদি সম্পর্ক আর নিজের শান্তি নষ্ট করতে থাকে, তাহলে কারও সঙ্গে খোলাখুলি কথা বলা সাহায্য করতে পারে।
বন্ধুর প্রতি হিংসা হওয়া কি স্বাভাবিক?
অনেকেই মনে করেন, সত্যিকারের বন্ধু হলে কখনো হিংসা হবে না। আসলে বিষয়টা এত সহজ নয়।
আমরা সাধারণত নিজের সঙ্গে তাদেরই বেশি তুলনা করি, যারা আমাদের খুব কাছের। একই বয়স, একই ক্যারিয়ার, একই ক্লাস, একই স্বপ্ন, এসব মিল থাকলে তুলনাও বেশি হয়। তাই আপনার বন্ধু যখন এমন কিছু অর্জন করে, যেটা আপনি অনেক দিন ধরে চেয়েও পাননি, তখন নিজের অজান্তেই মনে হতে পারে, "আমি তাহলে পিছিয়ে যাচ্ছি?" এই অনুভূতি আপনাকে খারাপ মানুষ বানায় না। বরং এটি হয়তো বলছে, আপনার নিজের ভেতরেও কিছু অপূর্ণতা, হতাশা বা না-পাওয়া জমে আছে।
কীভাবে বুঝবেন বন্ধুর প্রতি হিংসা কাজ করছে?
বন্ধুর ভালো খবর শুনে মন থেকে খুশি হতে পারছেন না
মুখে হয়তো বলছেন, "দারুণ হয়েছে!"। কিন্তু ভেতরে ভেতরে মনটা ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে, তার সাফল্যের কথা যত কম শুনতে হয়, ততই ভালো।
নিজের জীবনকে বারবার তার সঙ্গে তুলনা করছেন
বন্ধু নতুন গাড়ি কিনেছে, বিদেশে পড়তে গেছে, বিয়ে করেছে, ব্যবসা শুরু করেছে, এসব দেখলেই নিজের জীবনকে ছোট মনে হচ্ছে। একসময় আপনি তার খবরের চেয়ে নিজের অপূর্ণতাগুলোই বেশি দেখতে শুরু করেন।
তার সাফল্যকে ছোট করে দেখার চেষ্টা করছেন
হয়তো নিজের মনেই বলছেন,
"ও তো ভাগ্যবান ছিল।"
"ওর পরিচিত মানুষ ছিল বলে হয়েছে।"
"ওর জায়গায় আমি থাকলেও পারতাম।"
অনেক সময় এগুলো সত্যি বিশ্বাস থেকে নয়, নিজের কষ্ট কমানোর একটা চেষ্টা হিসেবেই আসে।
ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন
আগে যে বন্ধুর সঙ্গে সব কথা শেয়ার করতেন, এখন তার ফোন ধরতে ইচ্ছা করে না। মনে হয়, দেখা হলেই আবার তার নতুন কোনো অর্জনের কথা শুনতে হবে। ফলে অজান্তেই সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে।
হিংসা আর অনুপ্রেরণা এর মধ্যে পার্থক্য কোথায়?
হিংসা (Jealousy) | অনুপ্রেরণা (Inspiration) |
| "ও কেন পেল?" | "আমিও চেষ্টা করতে পারি।" |
| নিজের মূল্য কম মনে হয় | নিজের উন্নতির কথা ভাবতে সাহায্য করে |
| সম্পর্কের দূরত্ব বাড়ে | সম্পর্ক আরও শক্ত হতে পারে |
| অন্যের ব্যর্থতায় স্বস্তি লাগে | অন্যের সাফল্যে খুশি হওয়া যায় |
এই অনুভূতি দীর্ঘদিন থাকলে কী হতে পারে?
হিংসা যদি দীর্ঘদিন ধরে জমতে থাকে, তাহলে শুধু বন্ধুত্ব নয়, নিজের মানসিক শান্তিও নষ্ট হতে পারে। আপনি হয়তো সবসময় অন্যদের জীবন দেখেই নিজের মূল্য বিচার করতে শুরু করবেন। ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যেতে পারে। মনে হতে পারে, "আমি কখনোই যথেষ্ট ভালো নই।" এমনকি এমনও হতে পারে, আপনার নিজের ছোট ছোট অর্জনগুলোও আর চোখে পড়বে না। কারণ মন সবসময় অন্য কারও জীবনের সঙ্গে নিজের জীবন মেলাতে ব্যস্ত থাকবে।
আপনার বন্ধুর সাফল্য মানেই আপনার ব্যর্থতা নয়। জীবন কোনো দৌড় নয়, যেখানে একজন জিতলে আরেকজনকে হারতেই হবে।প্রত্যেক মানুষের সময়, সুযোগ, পরিবার, দায়িত্ব এবং যাত্রা আলাদা। বাইরে থেকে একই বয়স বা একই অবস্থানে মনে হলেও, সবার গল্প এক নয়। অন্যের সাফল্য আপনার মূল্য কমিয়ে দেয় না।
তাহলে এই অনুভূতিটা কীভাবে সামলাবেন?
নিজের অনুভূতিটাকে আগে স্বীকার করুন
"আমার হিংসা হচ্ছে না" বলে নিজেকে বোঝানোর চেষ্টা না করে বরং ভাবুন, "হ্যাঁ, আমার মন খারাপ লাগছে। কেন লাগছে?"
অনুভূতিকে অস্বীকার করলে সেটি সাধারণত আরও বড় হয়ে ফিরে আসে।
নিজের তুলনাটা নিজের সঙ্গেই করুন
- এক বছর আগে আপনি কোথায় ছিলেন?
- আজ কী শিখেছেন?
- কোন জায়গায় উন্নতি করেছেন?
এই প্রশ্নগুলো অনেক বেশি কাজে দেয়, অন্য কারও জীবনের সঙ্গে নিজের জীবন মাপার চেয়ে।
সোশ্যাল মিডিয়াকে পুরো বাস্তব জীবন ভাববেন না
আমরা সাধারণত মানুষের সাফল্য দেখি, সংগ্রাম দেখি না। বন্ধুর হাসিমুখের ছবির পেছনে কী কষ্ট, কী ভয় বা কত বছরের পরিশ্রম আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না।
তাই শুধু ছবির সঙ্গে নিজের বাস্তব জীবন তুলনা করা কখনোই ন্যায্য নয়।
নিজের লক্ষ্যগুলো নতুন করে ভাবুন
অনেক সময় আমরা বুঝতেই পারি না, আমরা আসলে অন্যের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছি। নিজেকে জিজ্ঞেস করুন,
"আমি সত্যিই কী চাই?"
"নাকি শুধু অন্যদের দেখে সেটাই চাইছি?"
এই প্রশ্নের উত্তর অনেক সময় হিংসার আসল কারণ বুঝতে সাহায্য করে।
প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিয়ে দেখুন
যদি দেখেন এই তুলনা, হিংসা বা নিজের প্রতি অসন্তুষ্টি আপনার সম্পর্ক, আত্মবিশ্বাস বা মানসিক শান্তিকে নিয়মিত প্রভাবিত করছে, তাহলে একজন সাইকোলোজিস্ট সঙ্গে কথা বলা উপকারী হতে পারে।
থেরাপির মাধ্যমে আপনি নিজের অনুভূতির উৎস বুঝতে, আত্মসম্মান (Self-esteem) গড়ে তুলতে এবং অন্যের সঙ্গে নয়, নিজের গতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে পারেন।
আপনি কি অন্যের জীবন দেখে নিজের মূল্য বিচার করতে করতে ক্লান্ত?
যদি মনে হয় তুলনা, আত্মবিশ্বাসের অভাব বা সম্পর্কের জটিলতা আপনার মানসিক শান্তিকে নষ্ট করছে, তাহলে একা সবকিছু সামলানোর চেষ্টা করবেন না।
Relaxy-এর অভিজ্ঞ কাউন্সেলরদের সঙ্গে কল সেশন বা চ্যাট সেশন বুক করে আপনি নিরাপদ ও গোপনীয় পরিবেশে নিজের অনুভূতিগুলো নিয়ে কথা বলতে পারেন। কখনো কখনো নিজের প্রতি একটু সহানুভূতিশীল হওয়াই সুস্থ হওয়ার প্রথম পদক্ষেপ।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.