প্রথম কাউন্সেলিং সেশনে কী হয়
প্রথম কাউন্সেলিং সেশনে কী বলবেন বা কী প্রশ্ন করা হবে, তা নিয়ে ভাবছেন? সেশনের আলোচনা, গোপনীয়তা ও প্রত্যাশা সম্পর্কে জানুন, যেন শুরুটা হয় সহজ ও স্বস্তির।

Mainul Islam
Assistant Clinical Psychologist

প্রথম কাউন্সেলিং সেশনে কী হয়
কাউন্সেলিং নেওয়ার কথা ভাবছেন, কিন্তু প্রথম সেশনে কী বলবেন বুঝতে পারছেন না? হয়তো মনে হচ্ছে, “কোথা থেকে শুরু করব?”, “কথা বলতে গিয়ে কেঁদে ফেললে?” কিংবা “সাইকোলজিস্ট আমার কথা শুনে কী ভাববেন?”
প্রথমবার অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে কাউন্সেলিংয়ে যাওয়ার আগে সব কথা গুছিয়ে নিতে হবে না। আপনি যতটুকু বলতে প্রস্তুত, সেখান থেকেই শুরু করতে পারেন।
প্রথম কাউন্সেলিং সেশনে কী নিয়ে কথা হয়
প্রথম সেশন মূলত আপনাকে জানা, আপনার সমস্যাগুলো বোঝা এবং একসঙ্গে কাজ করার শুরু। সবার সেশন একইভাবে হয় না, তবে সাধারণত কয়েকটি বিষয় উঠে আসে।
১. পরিচয় ও কথা বলার শুরু
শুরুতে সাইকোলজিস্ট নিজের পরিচয় দেবেন এবং সেশন কীভাবে চলবে তা জানাবেন। সাইকোলজিস্ট কোন থেরাপিতে এক্সপার্ট এসব জানাবেন। এরপর জানতে চাইতে পারেন, “কী কারণে কাউন্সেলিং নেওয়ার কথা ভাবলেন?”
এর উত্তর খুব সুন্দর করে দিতে হবে না। “কিছুদিন ধরে ভালো লাগছে না, কিন্তু ঠিক বুঝিয়ে বলতে পারছি না”—এভাবেও শুরু করা যায়।
২. সেশনের নিয়ম ও গোপনীয়তা
সেশনের সময়, অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন বা বাতিলের নিয়ম নিয়ে কথা হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে গোপন রাখা হবে এবং কোন পরিস্থিতিতে সেই গোপনীয়তার সীমা অতিক্রম করা হবে কিনা। এসব বিষয়ে কোনো প্রশ্ন থাকলে শুরুতেই জিজ্ঞেস করতে পারেন।
৩. এখন কী নিয়ে কষ্ট হচ্ছে
কী ধরনের সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে এবং ঘুম, কাজ, পড়াশোনা বা সম্পর্কের ওপর কী প্রভাব পড়ছে—এসব জানতে চাওয়া হতে পারে। প্রয়োজনে কিছু প্রশ্নপত্রও পূরণ করতে দেওয়া হয়।
এগুলো কোনো পরীক্ষা নয়।এগুলো আপনার বর্তমান মানসিক অবস্থা বুঝার জন্য বিভিন্ন সাইকোমেট্রিক অ্যাসাইনমেন্ট (Assignment) টুলস
৪. আপনার জীবন ও অভিজ্ঞতা
পরিবার, কাছের মানুষ, দৈনন্দিন অভ্যাস, শারীরিক স্বাস্থ্য, ওষুধ সেবন বা আগে কাউন্সেলিং নেওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা হতে পারে।
প্রথম দিনই জীবনের সব ঘটনা বলতে হবে না। কোনো বিষয় নিয়ে কথা বলতে প্রস্তুত না থাকলে বলতে পারেন, “এটা নিয়ে আজ কথা বলতে স্বস্তি পাচ্ছি না।” বলে এড়িয়ে যেতে পারেন।
৫. নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন
নিজেকে আঘাত করার চিন্তা আসে কি না বা কোনো অনিরাপদ পরিস্থিতিতে আছেন কি না—এমন প্রশ্নও করা হতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার জন্যই এই বিষয়গুলো জানা হয়।
৬. পরবর্তী ধাপ ঠিক করা
সেশনের শেষ দিকে কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং পরের সেশনগুলো কীভাবে এগোবে, তা আলোচনা হতে পারে। যেমন, উদ্বেগ সামলানো, ঘুমের অভ্যাসে পরিবর্তন আনা বা সম্পর্কের সমস্যাগুলো বোঝা।
প্রথম সেশন থেকে কতটুকু আশা করবেন
প্রথম দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমন প্রত্যাশা না রাখাই ভালো। কারও কথা বলে কিছুটা হালকা লাগে, আবার কারও নিজের অনুভূতিগুলো বুঝতে সময় লাগে। দুটো অভিজ্ঞতাই হতে পারে।
সাইকোলজিস্ট কথা বলার সময় নোট নিতে পারেন। সাধারণত গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা ও পরবর্তী সেশনের কাজে ব্যবহারের জন্য এটি করা হয়। নোট নিয়ে অস্বস্তি হলে সেটিও জানাতে পারেন।
সেশনের পর ক্লান্তি, মন ভার হয়ে থাকা বা স্বস্তি—বিভিন্ন অনুভূতি আসতে পারে। সম্ভব হলে নিজের জন্য একটু বিরতি রাখুন।
কিছু ভুল ধারণা দূর করা যাক
প্রথম দিনই সব খুলে বলতে হবে
আপনি নিজের স্বস্তি ও প্রস্তুতি অনুযায়ী কথা বলতে পারেন। বিশ্বাস তৈরি হতে সময় লাগতেই পারে।
সাইকোলজিস্ট শুধু শুনবেন কিছু বলবেন না
কাউন্সেলিংয়ে শোনার পাশাপাশি প্রশ্ন করা, অনুভূতি বুঝতে সাহায্য করা এবং একসঙ্গে করণীয় নিয়ে আলোচনা হয়। তবে কাজের ধরন ব্যক্তি ও থেরাপির পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
গুছিয়ে বলতে না পারলে সেশন কাজে আসবে না
এলোমেলো চিন্তা নিয়েও শুরু করা যায়। সেই চিন্তাগুলো বুঝতে ও গুছিয়ে নিতে সাহায্য করাও সেশনের অংশ।
প্রথম সেশনেই ভালো না লাগলে কাউন্সেলিং আমার জন্য নয়
একটি সেশন দিয়েই পুরো অভিজ্ঞতা বিচার করা কঠিন হতে পারে। তবে আপনার অস্বস্তির কারণ নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ।
সাইকোলজিস্টের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না বুঝবেন কীভাবে
সেশনের পর নিজেকে কয়েকটি প্রশ্ন করতে পারেন:
- আমার কথা কি মন দিয়ে শোনা হয়েছে?
- আমি কি সম্মান পেয়েছি এবং নিজের কথা বলার সুযোগ পেয়েছি?
- আমার প্রশ্নের উত্তর কি পরিষ্কারভাবে দেওয়া হয়েছে?
- কোন বিষয় নিয়ে কাজ করব, তা কি একসঙ্গে আলোচনা হয়েছে?
- আমার অস্বস্তি বা সীমার প্রতি কি গুরুত্ব দেওয়া হয়েছে?
শুরুতে কিছুটা অস্বস্তি থাকতেই পারে। তবে বারবার বিচার করা, অপমান করা, উদ্বেগকে তুচ্ছ করা বা প্রস্তুত না থাকা সত্ত্বেও ব্যক্তিগত কথা বলার চাপ দেওয়া হলে বিষয়টি গুরুত্ব দিন।
তথ্যসূত্র
[১] British Association for Counselling and Psychotherapy (BACP). What is counselling?
https://www.bacp.co.uk/about-therapy/what-is-counselling/
[২] BACP. Counselling terms and clients.
https://www.bacp.co.uk/about-therapy/counselling-terms-and-concepts/
[৩] National Institute of Mental Health (NIMH). Psychotherapies.
https://www.nimh.nih.gov/health/topics/psychotherapies
[৪] BACP. Contracting between client and counsellor.
https://www.bacp.co.uk/news/news-from-bacp/blogs/2026/blogs-and-vlogs/30-april-contracting-between-client-and-counsellor/
[৫] BACP. An introduction to counselling and psychotherapy.
https://www.bacp.co.uk/media/21853/bacp-introduction-to-counseling-psychotherapy-october-24.pdf
This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.
Last updated: November 9, 2026
Did you find this article helpful?

Mainul Islam
Assistant Clinical Psychologist
I am a compassionate mental health professional dedicated to the well-being of adolescents and adults. In my individual sessions, I support individuals navigating anxiety, depression, trauma, PTSD, and personality-related challenges.