আপনি বা আপনার পরিবারের কোনো নারী সদস্য কি মানসিক যন্ত্রণা সহ্য করছেন? এটি হতে পারে ট্রমার লক্ষণ!
A content on women trauma about what they experience and how a event turn into trauma memory. The symptoms and impact of the trauma on regular life and how to cope with those to stay mentally stable and well.

Saima Islam
Assistant Clinical Psychologist

Key Takeaways
ট্রমা; শারীরিক, মানসিক, পারিবারিক, কর্মজীবন ও সামাজিক জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ট্রমার লক্ষণ যেমন দুঃস্বপ্ন, ফ্ল্যাশব্যাক, অতিরিক্ত ভয়, এড়িয়ে চলা, অপরাধবোধ বা ঘুমের সমস্যা; এসবকে অবহেলা করা উচিত নয়। শারীরিক বা যৌন নির্যাতন, মানসিক নিপীড়ন, সামাজিক বৈষম্য এবং নিরাপত্তাহীনতা নারীদের ট্রমার বড় কারণ হতে পারে। সঠিক সময়ে ট্রমা চিহ্নিত করে পেশাদার থেরাপি, স্বাস্থ্যকর জীবনযাপন, মাইন্ডফুলনেস, সামাজিক সহায়তা এবং আইনি সচেতনতার মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। ট্রমা থেকে পুনরুদ্ধার সম্ভব; প্রয়োজন শুধু সহানুভূতি, সঠিক সহায়তা এবং সময়মতো পদক্ষেপ নেওয়া।
আপনি বা আপনার পরিবারের কোনো নারী সদস্য কি নীরবে মানসিক যন্ত্রণা সহ্য করছেন?
আপনার মা, বোন বা স্ত্রী কি হঠাৎ করে চুপচাপ হয়ে গিয়েছে? কিংবা আপনি কি রাতে ঘুমাতে পারেন না, মনে হয় কেউ যেন আপনার পিছু নিয়েছে? অতীতের কোনো ঘটনা কি বারবার মনে পড়ে যাচ্ছে? এটা শুধু দুঃখ বা মানসিক দুর্বলতা নয়, হতে পারে ট্রমা বা গভীর মানসিক আঘাতের লক্ষণ!
অনেকে মনে করেন, ট্রমা মানেই শুধু কান্নাকাটি বা আবেগপ্রবণতা, যা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে এটি একটি দীর্ঘস্থায়ী মানসিক প্রক্রিয়া, যা একবার তৈরি হলে দীর্ঘদিন পর্যন্ত মানুষেরর জীবনে প্রভাব ফেলতে পারে।
আমাদের সমাজে নারীদের জীবনে ট্রমা একটি অদৃশ্য কিন্তু গভীর বাস্তবতা। প্রতিটি নারীর জীবনে কোন না কোন পর্যায়ে মানসিক আঘাত বা ট্রমার অভিজ্ঞতা থাকে, যা তার সার্বিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এই ব্লগে আমরা নারীদের ট্রমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং এর থেকে মুক্তির পথ খুঁজে দেখব।
ট্রমা কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
“ট্রমা” হলো একটি ভয়াবহ বা অপ্রত্যাশিত ঘটনার মানসিক অভিঘাত যা ব্যক্তি দীর্ঘদিন বয়ে বেড়ান। নারীদের ক্ষেত্রে, সমাজে বিদ্যমান বৈষম্য, নির্যাতন এবং নিরাপত্তাহীনতা এই ট্রমাকে আরও জটিল করে তোলে। এর ফলে একজন নারী মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলেন, সব সময় আতঙ্কে থাকেন এবং নিজেকে দোষারোপ করতে থাকেন।
এই মানসিক আঘাত যদি চিহ্নিত না করা হয়, তাহলে তা ব্যক্তির শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং পুরো পরিবারকেই অসহায়ত্বের দিকে ঠেলে দিতে পারে।
নারীদের ট্রমার ধরন
১. শারীরিক ও যৌন নির্যাতনজনিত ট্রমা
- শিক্ষা প্রতিষ্ঠান বা বাড়িতে শারীরিক নির্যাতনের শিকার হওয়া
- পরিবারের কোনো সদস্য বা পরিচিত ব্যক্তির দ্বারা যৌন হয়রানির শিকার হওয়া
- সাইবার হয়রানি বা ইভটিজিং এর শিকার হওয়া
- স্বামী বা সঙ্গী কর্তৃক শারীরিক নির্যাতন
- কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ
- ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার শিকার হওয়া
- গণপরিবহনে বা পাবলিক প্লেসে হয়রানি
উদাহরণ: রিমা প্রতিদিন অফিস যাওয়ার পথে বাসে নানাভাবে হয়রানির শিকার হন। এখন তিনি বাইরে বের হওয়ার চিন্তাতেই আতঙ্কিত।
২. মানসিক ও আবেগিক নির্যাতনজনিত ট্রমা
স্বামী বা পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়মিত গালাগালি বা তিরস্কার
সিদ্ধান্ত গ্রহণে মতামত না দেওয়া বা উপেক্ষা করা
আর্থিক নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা হরণ
সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা
লিঙ্গ বৈষম্যের কারণে অপমান বা হেয় করা
কর্মক্ষেত্রে বেতন বৈষম্য বা পদোন্নতিতে বাধা
বিবাহের পর নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া
সন্তান না হওয়া বা কন্যা সন্তানের জন্য দোষারোপ করা
উদাহরণ: ৩০ বছর বয়সী নাহিদা বিয়ের পর থেকে শাশুড়ি ও স্বামীর কাছ থেকে নিয়মিত মানসিক নির্যাতনের শিকার হন। তাকে বলা হয় তিনি "কিছুই পারেন না" এবং "অযোগ্য"। এখন তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং কোনো কাজেই মনোযোগ দিতে পারেন না।
ট্রমার লক্ষণ
ট্রমার কারণে অনেক নারী PTSD বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভোগেন। এই সমস্যার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যা একমাসের অধিক সময় ধরে স্থায়ী থাকে যেমন:
- অতীত ঘটনা বারবার মনে পড়া বা দুঃস্বপ্ন দেখা
- মনে হয় যেন সেই ঘটনা আবার ঘটছে (ফ্ল্যাশব্যাক)
- আতঙ্কে চমকে ওঠা বা সবসময় ভয়ে থাকা
- সেই ঘটনা বা তার সঙ্গে জড়িত ব্যক্তি, স্থান বা কথাবার্তা এড়িয়ে চলা
- দুঃখ, রাগ, লজ্জা বা অপরাধবোধে ভোগা
- আনন্দের অনুভূতি হারিয়ে ফেলা ও কাছের মানুষের থেকে দূরে থাকা
- মনোযোগের ঘাটতি, অতিরিক্ত সতর্ক থাকা এবং ঘুমে সমস্যা
ট্রমার প্রভাব
সঠিক সময়ে যদি ট্রমা চিহ্নিত করে চিকিৎসা না করা হয়, তাহলে এটি বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে:
১. শারীরিক স্বাস্থ্যে সমস্যা:
- নিয়মিত মাথাব্যথা ও পেটে ব্যাথা
- ঘুমের সমস্যা এবং অনিদ্রা
- শ্বাসকষ্ট ও হৃদস্পন্দন বৃদ্ধি
- পেশীর ব্যথা ও ক্লান্তি
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
২. মানসিক স্বাস্থ্যে সমস্যা:
- বিষণ্ণতা (Depression) এবং উদ্বেগ (Anxiety)
- পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)
- আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার প্রবণতা
- মনোযোগের অভাব ও স্মৃতিশক্তির সমস্যা
- আত্মবিশ্বাসের অভাব ও নিজেকে দোষারোপ করা
৩. পারিবারিক জীবনে সমস্যা:
- স্বামী বা সন্তানদের সঙ্গে সম্পর্কের অবনতি
- পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ না করা
- সন্তানদের লালনপালনে সমস্যা
- পরিবারের সদস্যদের উপর রাগ বা বিরক্তি প্রকাশ
৪. কর্মজীবনে সমস্যা:
- কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা
- সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া
- কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব
- ক্যারিয়ার গড়তে বাধা
৫. সামাজিক জীবনে সমস্যা:
- মানুষের সাথে মেলামেশা এড়িয়ে চলা
- সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ না করা
- বন্ধুত্ব বা সম্পর্ক গড়তে সমস্যা হওয়া
- সমাজের প্রতি অবিশ্বাস ও ভয়
ট্রমা নিয়ন্ত্রণে করণীয়: ৫টি কার্যকর কৌশল
১. প্রফেশনাল থেরাপি ও কাউন্সেলিং:
ট্রমাগ্রস্ত ব্যক্তিদের জন্য কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপি (CBT), EMDR থেরাপি, এবং ট্রমা-ফোকাসড কাউন্সেলিং খুব কার্যকর। বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীদের সাহায্যে ট্রমার কারণ চিহ্নিত করা এবং নিরাময়ের পথ খুঁজে বের করা সম্ভব।
২. নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাত্রা:
শারীরিক ব্যায়াম মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে। যোগব্যায়াম, হাঁটা, সাঁতার, বা নাচ করা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ।
৩. মাইন্ডফুলনেস ও মেডিটেশন:
প্রতিদিন ১০-১৫ মিনিট মেডিটেশন করা মনকে শান্ত রাখে। গভীর শ্বাস নেওয়া, প্রকৃতির সাথে সময় কাটানো, এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা ট্রমা নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. সামাজিক সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা:
বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য, বা সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ রাখা। নিজের অভিজ্ঞতা শেয়ার করা এবং অন্যদের সাহায্য নেওয়া।
৫. আইনি সহায়তা ও অধিকার সম্পর্কে সচেতনতা:
নিজের আইনি অধিকার সম্পর্কে জানা এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া। পারিবারিক সহিংসতা বা যৌন হয়রানির ক্ষেত্রে হেল্পলাইনে যোগাযোগ করা। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ খোঁজা।
ট্রমা নিয়ে যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সংগ্রাম করেন, তবে পেশাদার থেরাপি নিতে দেরি করবেন না। রিল্যাক্সির অভিজ্ঞ থেরাপিস্টরা ট্রমা নিয়ন্ত্রণে বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালনা করেন, যেখানে ব্যক্তি তার দীর্ঘদিনের ট্রমা থেকে বের হয়ে আসতে এবং ট্রমা সম্পর্কিত সমস্যা গুলো মোকাবেলা করতে শিখতে পারে।
Relaxy-তে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের গাইডলাইনে ট্রমা থেকে মুক্তি পান
ট্রমা থেকে পুনরুদ্ধার সম্ভব। প্রয়োজন শুধু সঠিক সহায়তা এবং চিকিৎসা। তাই ট্রমাকে অবহেলা না করে সঠিক ব্যবস্থা নিন এবং নিজেকে সাহস ও সময় দিন, দোষারোপ না করে নিজেকে ভালো রাখতে নিজেই নিজের জন্য অথবা আপনার কাছের মানুষটির জন্য এগিয়ে আসুন।
Did you find this article helpful?

Saima Islam
Assistant Clinical Psychologist
Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges