সিচুয়েশনাল বনাম ক্লিনিক্যাল ডিপ্রেশন: কোনটি সাধারণ মন খারাপ আর কোনটি মানসিক রোগ?
সিচুয়েশনাল এবং ক্লিনিক্যাল ডিপ্রেশনের পার্থক্য জানুন। ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ: দীর্ঘমেয়াদী বিষাদ, ঘুম ও খাবারে পরিবর্তন, আগ্রহ হারিয়ে ফেলা, মোটিভেশনের অভাব। সিচুয়েশনাল ডিপ্রেশন কাটিয়ে উঠুন ব্যায়াম ও সুস্থ অভ্যাসে।

Tahmina Sarker Prokrity
Assistant Clinical Psychologist

Key Takeaways
মানসিক স্বাস্থ্যের যত্নে ক্লিনিক্যাল এবং সিচুয়েশনাল ডিপ্রেশনের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। সিচুয়েশনাল ডিপ্রেশন সাধারণত জীবনের কোনো নির্দিষ্ট প্রতিকূল ঘটনার প্রেক্ষিতে তৈরি হওয়া সাময়িক মন খারাপ, যা জীবনযাত্রার পরিবর্তন এবং সময়ের সাথে নিজে থেকেই ঠিক হয়ে যায়। অন্যদিকে, ক্লিনিক্যাল ডিপ্রেশন একটি দীর্ঘস্থায়ী মানসিক রোগ যা ৩-৪ সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই প্রাত্যহিক জীবনকে অচল করে দিতে পারে। ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে কেবল ইচ্ছাশক্তি যথেষ্ট নয়; বরং সাইকোথেরাপি, সঠিক কাউন্সেলিং এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধের প্রয়োজন হতে পারে। তাই লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হলে দ্রুত পেশাদার সাহায্য নেওয়া এবং সঠিক সাপোর্ট সিস্টেমের সাথে যুক্ত থাকাই সুস্থ হওয়ার প্রধান উপায়।
ক্লিনিক্যাল ডিপ্রেশন বনাম ফিলিং স্যাড / সিচুয়েশনাল ডিপ্রেশন
আমেরিকান National Institute of Mental Health (NIMH)–এর একটি গবেষণায় দেখা গেছে,
যে একজন মানুষ যার মানসিক অসুস্থতা রয়েছে, তার গড়ে ১০ বছর সময় লেগে যায় শুধু মেন্টাল হেলথ সাপোর্ট চাওয়ার সিদ্ধান্ত নিতে।
এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো অনেকটাই ট্যাবু হিসেবে দেখা হয়। অনেকেই নিজের মানসিক কষ্টের কথা শেয়ার করতে গিয়ে গিল্টি বা ইনসিকিউর ফিল করেন।
অনেকে আবার ভরসাযোগ্য, নিরাপদ মানুষের অভাবে কিছু বলতে পারেন না। আর কেউ যদি সাহস করে বলেও, তখন অনেক সময় অপর পক্ষ থেকে অপ্রাসঙ্গিক তুলনা, অপ্রয়োজনীয় উপদেশ বা “আরও খারাপ মানুষের গল্প” শোনানো হয়, যা একজন ভুক্তভোগী মানুষকে মানসিকভাবে আরও ভেঙে দেয়।
এই কারণেই জানা খুব জরুরি, মানসিক অবসাদে ভুগছেন এমন একজন মানুষের সাথে কীভাবে কথা বলা উচিত। গবেষণায় দেখা গেছে, একজন সেইফ ও ভরসাযোগ্য মানুষের কাছে মন খুলে কথা বললেও সুইসাইডাল চিন্তা কমানো সম্ভব। ওপেন কনভারসেশন, সচেতনতামূলক সেমিনার ও আলোচনা, এই সবকিছুর মাধ্যমেই মানসিক সাহায্যকে সহজলভ্য ও স্বাভাবিক করা সম্ভব।
মেন্টাল হেলথ সম্পর্কে সচেতনতার অভাবে আমরা প্রায়ই ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং সাধারণ মন খারাপ বা সিচুয়েশনাল ডিপ্রেশন, এই দুইটিকে গুলিয়ে ফেলি।
ক্লিনিক্যাল ডিপ্রেশন কি?
ক্লিনিক্যাল ডিপ্রেশন কেবল সাময়িক কোনো দুঃখবোধ নয়; এটি একটি গুরুতর চিকিৎসযোগ্য মানসিক অবস্থা। সাধারণত লক্ষণগুলো ৩-৪ সপ্তাহ বা তার বেশি সময় স্থায়ী হলে একে ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে বিবেচনা করা হয়।
এর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো-
- দীর্ঘ সময় ধরে বিষণ্ন থাকা এবং এই মন খারাপের স্পষ্ট কারণ খুঁজে না পাওয়া
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্বাভাবিক মন খারাপ থাকা স্বাভাবিক, কিন্তু যদি এই অবস্থা মাস বা বছরের পর বছর চলতে থাকে,তা উদ্বেগজনক - দৈনন্দিন কাজ, দায়িত্ব বা ডেডলাইনের প্রতি তীব্র অনীহা
- বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা আনন্দের কাজেও আগ্রহ না থাকা
- আচরণ ও ব্যক্তিত্বে চোখে পড়ার মতো পরিবর্তন
- সবসময় মানসিকভাবে অবসন্ন বা ক্লান্ত অনুভব করা
- যেকোনো কাজে মোটিভেশনের অভাব ডিপ্রেশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ
- ঘুমের সাইকেলে বড় পরিবর্তন, অতিরিক্ত ঘুম বা একেবারেই ঘুম না হওয়া
- কোনো কারণ ছাড়াই শরীর ব্যথা, মাথাব্যথা বা পেটব্যথা অনুভব করা
- অনেক ক্ষেত্রে অ্যালকোহল বা ড্রাগ ডিপেন্ডেন্সি এর মতো গুরুতর বিষয়ও
ক্লিনিক্যাল ডিপ্রেশনের সাথে যুক্ত থাকতে পারে।
এই অবস্থায় প্রফেশনাল সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক হেল্প নেওয়া অত্যন্ত জরুরি।
সিচুয়েশনাল ডিপ্রেশন / ফিলিং স্যাড
সিচুয়েশনাল ডিপ্রেশন হলো একটি শর্ট-টার্ম (স্বল্পমেয়াদী) মানসিক অবস্থা। এটি সাধারণত জীবনের কোনো নির্দিষ্ট নেতিবাচক ঘটনা (যেমন: প্রিয়জনের মৃত্যু, ব্রেকআপ বা চাকরি হারানো) থেকে তৈরি হয়।
সাধারণ লক্ষণগুলো হলো:
- কোনো নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির কারণে মন খারাপ থাকা
- মন খারাপ থাকলেও দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকা
- কিছু সময়ের জন্য আগ্রহ বা আনন্দ কমে যাওয়া
(কিন্তু পুরোপুরি হারিয়ে না যাওয়া) - একাকীত্ব বা চুপচাপ থাকতে ইচ্ছা করা, তবে পুরোপুরি নিজেকে গুটিয়ে না নেওয়া
- মুডের ওঠানামা করা
(এক সময় ভালো লাগা, আবার হঠাৎ মন খারাপ হওয়া) - ক্লান্তি বা মনোযোগে সাময়িক সমস্যা
- ঘুম বা খাওয়ার হালকা পরিবর্তন
(খুব বেশি চরম পর্যায়ে না যাওয়া) - কষ্টের কথা কাউকে বললে বা সাপোর্ট পেলে কিছুটা হালকা অনুভব করা
- সময়, বিশ্রাম বা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ধীরে ধীরে ভালো লাগা শুরু করা
সিচুয়েশনাল ডিপ্রেশন মোকাবিলায় যা করা যেতে পারে
নিয়মিত শারীরিক ব্যায়াম করা
সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া
নিয়মিত ও পরিপূর্ণ ঘুমের অভ্যাস গড়ে তোলা
আপনজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
নিজের প্যাশন বা শখ এক্সপ্লোর করা
জীবনের উদ্দেশ্য ও অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করাসর্বোপরি নিজেকে সময় দেওয়া
ক্লিনিক্যাল ডিপ্রেশন মোকাবিলায় আপনার করণীয় (How to Manage Clinical Depression)
ক্লিনিক্যাল ডিপ্রেশন একটি দীর্ঘমেয়াদী সাইকোলজিক্যাল সমস্যা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি:
প্রফেশনাল থেরাপি ও কাউন্সেলিং
ক্লিনিক্যাল ডিপ্রেশনের সবচেয়ে কার্যকর সমাধান হলো সাইকোথেরাপি। একজন লাইসেন্সড ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে CBT (Cognitive Behavioral Therapy) গ্রহণ করলে আপনার নেতিবাচক চিন্তার ধরণ এবং ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব হয়। এটি আপনাকে সমস্যার মূল উৎস খুঁজে বের করতে সাহায্য করে।
বিশেষজ্ঞ চিকিৎসকের (Psychiatrist) পরামর্শ
অনেক সময় মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে ডিপ্রেশন হয়। এক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ওষুধ শুরু বা বন্ধ করা দুটিই সমান ঝুঁকিপূর্ণ।
ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা
ক্লিনিক্যাল ডিপ্রেশনে ছোট কাজও পাহাড় সমান মনে হতে পারে। তাই বড় কোনো পরিকল্পনা না করে প্রতিদিনের জন্য খুব ছোট লক্ষ্য সেট করুন। যেমন: সকালে বিছানা গোছানো বা অন্তত ৫ মিনিট রোদে হাঁটা। এই ছোট ছোট অর্জনগুলো মস্তিষ্কে 'ডোপামিন' নিঃসরণে সাহায্য করে, যা ধীরে ধীরে মোটিভেশন ফিরিয়ে আনে।
সাপোর্টিভ নেটওয়ার্ক তৈরি করা
ডিপ্রেশনে নিজেকে গুটিয়ে নেওয়া (Self-isolation) সবচেয়ে বিপজ্জনক। আপনার এই অবস্থার কথা এমন কাউকে জানান যিনি আপনাকে বিচার (Judge) না করে ধৈর্য ধরে কথা শুনতে পারবেন। সোশ্যাল সাপোর্ট সিস্টেম সুস্থ হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
রিল্যাপস প্রিভেনশন প্ল্যান (Relapse Prevention Plan)
সুস্থ হওয়ার পথে মাঝে মাঝে আবার খারাপ লাগা ফিরে আসতে পারে। একে বলা হয় 'রিল্যাপস'। থেরাপিস্টের সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করে রাখুন যেমন, মন খুব বেশি খারাপ হলে আপনি কার সাথে কথা বলবেন বা কোন কৌশলগুলো ব্যবহার করবেন।
যেভাবে শরীর অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই, ঠিক সেভাবেই মন অসুস্থ হলে প্রফেশনালের সাহায্য নেওয়া প্রয়োজন। সঠিক সময়ে সাহায্য চাইলে, ডিপ্রেশন ম্যানেজ করা সম্ভব যা জীবনে আবার স্বস্তি ও ভারসাম্য ফিরে আসতে পারে। রিলাক্সির প্রফেশনাল হেল্প নিতে,
রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন অথবা
কাউন্সেলিং সেশন বুক করুন -এখানে।
Did you find this article helpful?

Tahmina Sarker Prokrity
Assistant Clinical Psychologist
I am an assistant clinical psychologist with 7.5 years of experience helping adult ls, adolescents and children with behavioral and cognitive issues with multiple therapeutic approach.