Home/Blogs/আলস্যতা, ক্লান্তি নাকি অনুভূতিহীনতা? শহুরে জীবনের হাই ফাংশনিং ডিপ্রেশন।
Mental Health
0 views

আলস্যতা, ক্লান্তি নাকি অনুভূতিহীনতা? শহুরে জীবনের হাই ফাংশনিং ডিপ্রেশন।

হাই-ফাংশনিং ডিপ্রেশন এমন এক মানসিক অবস্থা, যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে থাকে গভীর ক্লান্তি, শূন্যতা ও বিষণ্নতা। এই ব্লগে এর লক্ষণ, কারণ ও করণীয় তুলে ধরা হয়েছে।

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years exp.
আলস্যতা, ক্লান্তি নাকি অনুভূতিহীনতা? শহুরে জীবনের হাই ফাংশনিং ডিপ্রেশন।

Key Takeaways

হাই-ফাংশনিং ডিপ্রেশন এমন এক ধরনের মানসিক অবস্থা, যেখানে একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক, দায়িত্বশীল এবং সফল মনে হলেও ভেতরে ভেতরে ক্লান্তি, শূন্যতা, আগ্রহহীনতা ও মানসিক অবসাদে ভুগতে পারেন। শহুরে জীবনের প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার তুলনা, ব্যক্তিগত সময়ের অভাব এবং সবসময় ভালো থাকার সামাজিক চাপ এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। সকালে উঠতে কষ্ট হওয়া, প্রিয় কাজ থেকে আগ্রহ হারানো, একা থাকলে কান্না পাওয়া, খিটখিটে মেজাজ, কিংবা সব ঠিক চললেও আনন্দ না পাওয়া; এসব লক্ষণকে হালকাভাবে নেওয়া উচিত নয়। নিজের অনুভূতিগুলো লিখে রাখা, বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলা এবং প্রয়োজন হলে পেশাদার সাইকোলজিস্টের সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সহায়তা পেলে হাই-ফাংশনিং ডিপ্রেশন থেকে ধীরে ধীরে বের হয়ে আসা সম্ভব।

  • আলস্যতা, ক্লান্তি নাকি অনুভূতিহীনতা? শহুরে জীবনের হাই ফাংশনিং ডিপ্রেশন। 

    "তুই তো সব ঠিকঠাকই করছিস, তাহলে এতো ক্লান্ত কেন?"

    রিমা ঢাকার ব্যস্ত একটি অফিসে কাজ করা ২৬ বছরের এক তরুণী। সকালে সময়মতো অফিসে পৌঁছায়, মিটিংয়ে আত্মবিশ্বাসীভাবে কথা বলে, বন্ধুদের সঙ্গে কফি আড্ডায় প্রাণ খুলে হাসে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে মনে হয় সব ঠিক আছে। কিন্তু দিনের শেষে একা ঘরে ফিরলে সেই হাসি মিলিয়ে যায়। বুকের ভেতর এক অকারণ শূন্যতা, ক্লান্তি আর কিছু না করার ইচ্ছে তাকে গ্রাস করে। বাইরে কেউ বুঝতে পারে না, সে প্রতিদিন এক নিরব যুদ্ধ লড়ছে নিজের সঙ্গেই।

    শহরের তরুণদের জীবন যেন সাফল্য, ব্যস্ততা ও উদ্যমে ভরা, এমনটাই দেখা যায় বাইরে থেকে। ক্যারিয়ারের অর্জন, সামাজিক যোগাযোগ বজায় রাখা এবং কনফিডেন্স দেখে বোঝা কঠিন যে কারও মনের গভীরে যন্ত্রণা লুকিয়ে আছে। মনোবিজ্ঞানের পরিভাষায় High-Functioning Depression নামে যেখানে ব্যক্তি বাইরের দিক থেকে স্বাভাবিক ও সফল মনে হলেও ভেতরে লড়ছে মানসিক ক্লান্তিতে এবং গভীর বিষণ্নতায় ।

    হাই-ফাংশনিং ডিপ্রেশন

    High-Functioning Depression (HFD) হলো এমন এক ধরণের বিষণ্নতা, যেখানে ব্যক্তি বাহ্যিকভাবে স্বাভাবিক, এমনকি অনেক ক্ষেত্রেই সফল বলে মনে হয়, কিন্তু অন্তরের গভীরে সে লড়ছে ক্রমাগত মানসিক ক্লান্তি, আবেগীয় অবসাদ ও শূন্যতার সঙ্গে।

    এটি আমাদের জীবনের দুটি দিকের গল্প যেখানে একটা দিক যা অন্যরা দেখে; অন্যদিকটা যা শুধু সে নিজেই অনুভব করে। সাধারণ ডিপ্রেশনের মতোই এখানে থাকে মনমরা ভাব, আগ্রহের অভাব, আনন্দহীনতা ও নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা তবে পার্থক্য হলো, HFD আক্রান্ত ব্যক্তিরা এসব অনুভূতি সবার কাছ থেকে লুকিয়ে রেখে দৈনন্দিন দায়িত্ব ও সামাজিক ভূমিকা দক্ষতার সঙ্গে পালন করতে পারে।

    তারা প্রায়ই “সব ঠিক আছে” মুখোশ পরে থাকে, কারণ

    • দায়িত্ববোধ

    • সামাজিক প্রত্যাশা

    • নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে নিজের দূর্বলতা প্রকাশ না করা

    ফলাফল? বাইরে থেকে সফল মনে হলেও, ধীরে ধীরে হতে থাকে বার্ন আউট, যা চিকিৎসা না পেলে দীর্ঘমেয়াদে জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে।

    কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কেন?

    শহরের তরুণদের জীবন প্রায়ই সফল, গতিশীল  বলে মনে হয়। কিন্তু  এই পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু মানসিক চাপ, যা High-Functioning Depression (HFD)-এর ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন:

    ১।নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার চাপ

    শিক্ষা, চাকরি, ক্যারিয়ার, এমনকি ব্যক্তিগত জীবনে “সেরা” হওয়ার চাপ তরুণদের মনে ক্রমাগত উৎকণ্ঠা সৃষ্টি করে। এই প্রতিযোগিতা প্রায়ই আনন্দ কেড়ে নিয়ে জীবনকে এক প্রকার “রেস ট্র্যাক” এ পরিণত করে, যেখানে বিশ্রাম এর পরিবর্তে রয়েছে শুধু এগিয়ে যাওয়ার চাপ।

    ২। সোশ্যাল মিডিয়ার প্রভাব

    ইনস্টাগ্রাম, ফেসবুক বা টিকটকে অন্যদের ছবি, ভ্রমণ, সাফল্যের গল্প দেখে নিজের জীবনকে আনসাকসেসফুল মনে হওয়া খুব সাধারণ ব্যাপার। এ ধরণের কমপ্যারিজন ধীরে ধীরে আত্মমর্যাদা ও আত্মতৃপ্তি কমিয়ে দেয়, যা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

    ৩। ব্যক্তিগত সময়ের অভাব

    শহরে দিনের একটি বড় অংশ চলে যায় যানজট, অফিস বা পড়াশোনার চাপে। ফলে নিজের জন্য মানসম্মত সময় পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই সময়ের অভাব মানসিক বিশ্রাম ও ইমোশনাল কোপিং মেকানিজম এ বাধাগ্রস্ত করে।

    ৪। সর্বদা পজেটিভ থাকার সামাজিক প্রত্যাশা

    “সবসময় হাসিখুশি, সফল ও এনার্জেটিক”এই সামাজিক প্রত্যাশা তরুণদের ওপর এক ধরণের অদৃশ্য মানসিক বোঝা চাপিয়ে দেয়। ফলস্বরূপ, নিজের ভেতরের কষ্ট বা দুর্বলতা প্রকাশ করাও কঠিন হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে HFD-কে আরও জটিল করে তোলে।

    লক্ষন এবং করনীয়

    ১) প্রতিদিন সকালে বিছানা ছাড়তে অনীহা (Difficulty getting started)

    কী দেখতে পাবেন: ঘুম সেরে ওঠার পরে শারীরিক ক্লান্তি, “আর একঘণ্টা না উঠলেও চলবে” ভেবে বারবার দেরি হওয়া, কাজের জন্য প্রস্তুতি নিতে মন না চাওয়া।

    উদাহরণ: অফিসের অ্যালার্ম বারবার স্নুজ করা; কাজে যাওয়ার জন্য বাইরে বেরোনোর আগেও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা।

    কী করা যায়: দৈনিক রুটিন ছোট অংশে ভাগ করুন (৫–১৫ মিনিটের কাজ), হালকা এক্সারসাইজ বা সূর্যের আলোতে ১০–১৫ মিনিট হাটা; নিজেকে অবজার্ভ করা এবং লিখে রাখা (কতদিন প্রাকটিস করছেন)।) 

    ২) প্রিয় কাজ বা মানুষের প্রতি আগ্রহ হারানো (Anhedonia / loss of interest)

    কী দেখতে পাবেন: আগে যা আনন্দ দিত; হবি, বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা; সেগুলোতে আগ্রহ কমে যাওয়া। “ঠিক আছে, যাব” বলা হলেও শেষ মুহূর্তে না যাওয়া।

    উদাহরণ: সপ্তাহে একবার দেখা করা বন্ধুদের সাথেও যোগাযোগ  কমে যাওয়া; শখের কাজ ছেড়ে দেওয়া।

    কী করা যায়: নোট করুন কোন কাজগুলোতে আগ্রহ কমছে তার মধ্যে খুব ছোট ছোট কাজগুলোতে অংশ নিন (১০–২০ মিনিট) এবং পরিবর্তন ট্র্যাক করুন; কাউকে জানান যে আপনি চেষ্টা করছেন ভালো থাকার; এই ‘রেসপনসিবিলিটি শেয়ারিং’ অনেক সময় উপকারী।

    ৩) একা থাকলে অকারণ কান্না বা শূন্য লাগা (Unexplained crying spells, pervasive emptiness)

    কী দেখতে পাবেন: কোনো বড় ঘটনার কারণ ছাড়াই হঠাৎ চোখে পানি আসা, দীর্ঘ সময় ধরে ‘কিছুই ভালো লাগে না’ বা ভিতরে শূন্যতা অনুভব করা।

    উদাহরণ: সামাজিক পরিস্থিতিতে স্বাভাবিক থাকলেও, একা ঘরে ফিরে এসে কিছুতেই অনুপ্রেরণা না থাকা বা অকারণ কান্না হওয়া।

    কী করা যায়: এই অনুভূতিগুলোকে লক্ষ্য করে লিখে রাখুন (কবে, কতক্ষণ, কী ভাবনা ছিল), ট্রিগারগুলো খুঁজুন; যদি ভাবনা বাড়ে বা আত্মহত্যার চিন্তা আসে তাৎক্ষণিক এক্সপার্ট সাইকোলজিস্ট এর সাহায্য নিন।(গভীর শূন্যতা ও কান্না পাওয়াকে হালকাভাবে নেবেন না।) 

    ৪) ছোট ছোট কাজে বিরক্তি ও অসহনশীলতা  (Irritability, low frustration tolerance)

    অনেক সময় রাগ বা খিটখিটে মেজাজ আসলে বিষণ্নতার (ডিপ্রেশন) লুকানো রূপ হতে পারে। বিষণ্নতা সরাসরি দুঃখ বা কান্নার মাধ্যমে না দেখা দিয়ে; রাগ, বিরক্তি বা আক্রমণাত্মক আচরণের মাধ্যমে সেটা প্রকাশ হতে পারে।

    কী দেখতে পাবেন: আগেও সামলানো হতো এমন ছোট অসুবিধা এখন অনেক বড় মনে হওয়া; সহকর্মী বা কাছের মানুষের সঙ্গে অল্পতেই মনোমালিন্য হওয়া।

    কী করা যায়: রেগে যাওয়ার মুহূর্তে ৩–৫ বার ডিপ ব্রিদিং করা, রাগ হওয়ার মুহূর্তের চিন্তাগুলো ঠাণ্ডা মাথায় লিখে রাখা, দরকার হলে স্পেস নেয়া।

    ৫) সবকিছু ঠিক চলছে, তবুও ‘আনন্দ’ অনুভব না করা ( Anhedonia despite normal performance)

    কী দেখতে পাবেন: কাগজে-কলমে, কাজ ও সম্পর্ক ঠিকঠাক চলছে; তবু ভেতরে ‘আনন্দহীনতা’, জীবন অর্থহীন মনে হওয়া। এটাই HFD-এর মূল বৈশিষ্ট্য: সব দিকে কার্যক্ষমতা ঠিকভাবে ধরে রাখলেও মানসিকভাবে বিপর্যস্ত থাকা।

    উদাহরণ: পারিবারিক উৎসবে অংশ নিচ্ছেন কিন্তু দম বন্ধ লাগে বা একা লাগে,সবকিছু থেকে বের হয়ে আসতে ইচ্ছা করে।

    কী করা যায়: ( নিজের দিকে খেয়াল করুন, কতদিন বা কত সপ্তাহ/মাস ধরে এই অনুভূতিগুলো আছে তা লিখে রাখুন। জীবনের কোন কোন ক্ষেত্রে (যেমন কাজ, পড়াশোনা, সম্পর্ক) আপনার কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে সেটাও নোট করুন। প্রয়োজন হলে নিয়মিত কাউন্সেলিং ও এক্সপার্ট সাইকোলজিস্ট এর সাহায্য নিন।

    প্রাথমিক ধাপে কী করবেন

    ১. নিজের লক্ষণগুলো লিখে রাখুন

    দিনে দিনে কি সমস্যা হচ্ছে, কখন বেশি খারাপ লাগে বা কি ঘটেছে এসব ছোট ছোট কথা একটা ডায়েরিতে বা ফোনের নোটে লিখে রাখুন। এতে আপনি নিজের অবস্থা বুঝতে পারবেন।

    ২. বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলুন

    নিজের সমস্যাগুলো বন্ধুবান্ধব, পরিবার বা কাউকে যাদের বিশ্বাস করেন, তাদের সঙ্গে শেয়ার করুন। কথা বললে মন কিছুটা হালকা হয়, আর প্রয়োজনে তারা সাহায্য করতে পারবে।

    ৩. অভিজ্ঞ সাইকোলজিস্ট এর পরামর্শ নিন

    আপনার স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, সাধারণ চিকিৎসক বা কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করুন। কখনো থেরাপি যেমন CBT (কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি) বা ডাক্তারি ওষুধও সাহায্য করতে পারে। রিলাক্সি থেকেও নিতে পারেন আপনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা। 

    ৪. জরুরি অবস্থায় দ্রুত সাহায্য নিন

    যদি কখনো আত্মহত্যার চিন্তা আসে বা নিজের বা অন্য কারো জন্য ক্ষতি করার ঝুঁকি থাকে, তখন দেরি না করে জরুরি সেবা নিতে যোগাযোগ করুন; আপনার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই-ফাংশনিং ডিপ্রেশন এমন এক চ্যালেঞ্জ, যা বাহ্যিক সাফল্যের আড়ালে থেকে অনেক সময় আমাদের দেখার বাইরে থেকে যায়। তবে এটি উপেক্ষা করলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, প্রয়োজনে সহায়তা নিতে দ্বিধা করবেন না। আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখা মানে জীবনের গুণগত মান উন্নত করা। নিজের জন্য সময় বের করুন, কথা বলুন এবং এক্সপার্ট এর সাহায্য নিন। 

     এই হাই ফাংশনিং ডিপ্রেশন থেকে বের হতে এবং নিজেকে হ্যাপিলি হাই ফাংশনিং রাখতে প্রফেশনাল হেল্প নিন আপনার পছন্দের রিলাক্সি এক্সপার্টদের থেকে 

Short Description:
 হাই-ফাংশনিং ডিপ্রেশন এমন এক মানসিক অবস্থা, যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে থাকে গভীর ক্লান্তি, শূন্যতা ও বিষণ্নতা। এই ব্লগে এর লক্ষণ, কারণ ও করণীয় তুলে ধরা হয়েছে।

Slug:
 

Meta Title:
 

Meta Keywords:
 

Meta Description:
 


 

Did you find this article helpful?

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years experience

Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

12:14
হাই-ফাংশনিং ডিপ্রেশন: লক্ষণ, কারণ ও করণীয়