বাধ্য ছেলে হওয়ার সামাজিক ও মানসিক প্রভাব
ছোটবেলা থেকেই 'লক্ষ্মী ছেলে' হওয়ার যে তকমা আমরা বয়ে বেড়াই, তার আড়ালে অনেক সময় আমাদের নিজস্বতা হারিয়ে যায়। তাই আবেগ প্রকাশ করুন, নিজস্ব মতামত দেয়া শুরু করুন, 'শক্ত পুরুষ' হওয়ার সামাজিক চাপ থেকে বেরিয়ে নিজের মানবিক অনুভূতিগুলোকে গ্রহণ করুন।

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

Key takeaways
আমাদের সমাজে ছেলেদের ছোটবেলা থেকেই "শক্ত হতে" এবং "আবেগ লুকাতে" শেখানো হয়, যা দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। কান্না চেপে রাখা বা বড়দের সব কথা মুখ বুজে মেনে নেওয়াকে আমরা 'ভদ্রতা' বা 'বাধ্য হওয়া' মনে করি, কিন্তু আসলে এটি ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। এর ফলে ছেলেরা বড় হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, যার প্রভাব পড়ে তাদের ক্যারিয়ার, দাম্পত্য জীবন এবং শারীরিক সুস্থতার ওপর। অনেক সময় এই জমানো কষ্টগুলো হঠাৎ রাগ বা নেশার মাধ্যমে প্রকাশ পায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে পরিবার ও সমাজকে ছেলেদের জন্য এমন এক পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা নির্ভয়ে মনের কথা বলতে পারে। মনে রাখা জরুরি যে, আবেগ প্রকাশ করা কোনো দুর্বলতা নয়, বরং এটিই সুস্থ ও স্বাভাবিক জীবনের পরিচয়।
কেন ‘বাধ্য ছেলে’ হওয়ার সামাজিক প্রত্যাশা পুরুষদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
আমরা অনেক সময় বুঝতেও পারি না, ছেলেদের বড় করার সময় কিছু কথা কত গভীরভাবে তাদের মনে গেঁথে যায়। ছোটবেলা থেকেই শোনা সেই পরিচিত বাক্যগুলো, “কাঁদলে সবাই দুর্বল ভাববে”, “বড়দের সামনে চুপ করে থাকতে হবে”, “মেয়েদের মতো নরম হওয়া যাবে না”। আস্তে আস্তে ছেলেদের ভেতরে তৈরি করে ভয় আর চাপ। তারা শিখে যায় কান্না লুকাতে, নিজের কষ্ট চেপে রাখতে আর সবকিছু মেনে নিতে। বাইরে থেকে তারা হয়তো সমাজের চোখে খুব ভালো “বাধ্য ছেলে”, কিন্তু ভেতরে ভেতরে তারা নিজের আবেগ দমিয়ে রাখে।
এভাবে বড় হতে হতে একসময় তারা বুঝতেই পারে না, আসলে নিজের স্বাভাবিক অনুভূতিগুলো কোথায় হারিয়ে গেল। পরিবারে সম্পর্ক দূর হয়ে যায়, কাজে চাপ সামলানো কঠিন হয়ে ওঠে, আবার হঠাৎ রাগ বা কষ্ট বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যে সমাজ একসময় তাদের বাধ্যতার জন্য প্রশংসা করেছিল, সেই একই বাধ্যতা তাদের মানসিক শান্তি কেড়ে নেয়।
আমরা কি ভেবেছি, ছোটবেলার ‘ভদ্র হও’, ‘ছেলেরা কাঁদে না’, এই কথাগুলোই কি বড় হয়ে ‘আবেগহীন পুরুষ’ তৈরির মূল বিষয় নয়? কেন ‘বাধ্য ছেলে’ হওয়া মানসিক শান্তি কেড়ে নেয়? এই লেখায় সেই উত্তর খুঁজব আমরা। ছোটবেলার শেখানো কথাগুলো কীভাবে পুরুষদের আবেগ, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
সমস্যার ৪ টি মূল কারণ
ছেলে-মেয়ের আলাদা নিয়মে বড় হওয়া
ছেলেরা কাঁদলে সমাজ মেনে নিতে পারে না। মেয়েদের কান্না ‘স্বাভাবিক’ ধরা হলেও ছেলেদের কান্না ‘দুর্বলতা’ হিসেবে লেবেল হয়। কারণ আমাদের সমাজে ছেলে আর মেয়ের জন্য আলাদা আলাদা প্রত্যাশা থাকে। বাংলাদেশি সমাজে মেয়েদের কান্না ‘স্বাভাবিক’, কিন্তু ছেলেরা কাঁদলেই-‘এত বড় ছেলে হয়ে কাঁদছ কেন?’, এই প্রশ্ন তোলা হয়।
এর ফলে ছোট থেকেই ছেলেরা শিখে যায় চোখের পানি আটকে রাখতে। বাস্তব জীবনে দেখা যায়, স্কুলে কোনো ছেলে পড়াশোনায় খারাপ করলে বা খেলায় হেরে গেলে কাঁদতে চাইলে বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। তাই সে মনের কষ্ট চেপে রাখে, কিন্তু ভেতরে ভেতরে সেই কষ্ট জমতে থাকে।অতিরিক্ত ভালো হওয়ার চাপ
ভদ্র ছেলে হও’, এই বাক্যটির অর্থ কি তবে চুপ থাকা, রাগ না করা, মতামত না দেওয়া? কেন ‘ভদ্রতা’ মানসিক স্বাস্থ্যের বিরুদ্ধে যেতে পারে, এটা কি আমরা বিবেচনা করছি?
কিন্তু কেন ‘ভদ্র ছেলে’ হওয়া মানসিক শান্তি কেড়ে নেয়? ধরুন, পরিবারে যদি কোনো শিশু খাবারে পছন্দ-অপছন্দ জানাতে চায়, তখনই তাকে বলা হয়-“এত কথা বলা শোভা পায় না।” কিংবা খেলতে গিয়ে আঘাত পেলে কাঁদতে চাইলে বকা খেতে হয়-“চুপ করে থাকো, কান্নাকাটি করো না।” এসব ছোট ছোট ঘটনার মধ্য দিয়েই সে শিখে যায় নিজের অনুভূতি চেপে রাখতে। বড় হওয়ার পর তাই চাকরির ইন্টারভিউতে বা বন্ধুত্বের সম্পর্কে নিজের কথা বলতে গিয়ে অস্বস্তি বোধ করে। ফলে সেল্ফ-এক্সপ্রেশন দুর্বল হয়, সামাজিক আত্মবিশ্বাস কমে, এবং আবেগ দমন অভ্যাসে পরিণত হয়।ছেলেরা সবসময় শক্ত হতে হবে এই বিশ্বাস
"পুরুষ মানেই পাহাড়ের মতো শক্ত হতে হবে", এই তথাকথিত 'স্টোয়িক পুরুষত্ব' বা পাথর হয়ে থাকার ধারণাটি ছেলেদের মনের সব দুয়ার বন্ধ করে দেয়। ছোটবেলা থেকেই তাদের কানে মন্ত্রের মতো জপানো হয়, “কঠিন হতে শেখ”, “বেশি নরম হলে সমাজ তোকে পাত্তা দেবে না।”
একটি বাস্তব উদাহরণ ভাবুন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বা ক্যারিয়ারের চাপে একজন ছেলে হয়তো ভীষণ ভেঙে পড়েছে। সে যখন খুব ভরসা করে তার কোনো বন্ধুর কাছে মনের ভার নামাতে যায়, অনেক সময় উত্তর আসে, "ধুর ব্যাটা! এত ছোটখাটো বিষয়ে ভেঙে পড়িস কেন? মেয়েদের মতো অত সেন্টিমেন্টাল হোস না তো!" বন্ধুর এই হাসাহাসি বা তুচ্ছতাচ্ছিল্য তাকে আরও বেশি গুটিয়ে দেয়। সে আবার চুপ হয়ে যায়, আর তার সেই অব্যক্ত কষ্টগুলো ভেতরে জমে জমে বিষাক্ত হয়ে ওঠে। এভাবেই শুরু হয় এক অন্তহীন মানসিক অশান্তি আর একাকীত্বের লড়াই, যা সে কাউকে কোনোদিন বলতে পারে না।বাড়ির ভেতর ছোট-বড় নিয়ম
বাংলাদেশি পরিবারগুলোতে আজও বড়দের কথার অবাধ্য হওয়া মানেই "অভদ্রতা"। ছোটরা যদি কোনো বিষয়ে নিজের ভিন্ন মত দেয় বা মনের কথা খুলে বলতে চায়, সমাজ সেটাকে বেয়াদবি হিসেবেই দেখে।
ধরুন, বাবা সন্তানের জন্য কোনো একটি সিদ্ধান্ত নিলেন এবং বললেন, "এটা তোমার ভালোর জন্যই বলছি।" ছেলেটি যদি তখন শুধু কারণটা জানতে চায়, "কিন্তু কেন বাবা?", উত্তর আসে, "বড়দের কথার ওপর মুখে মুখ তুলছ কেন? যা বলছি তাই করো।" এই যে 'বড়দের সিদ্ধান্তে কোনো প্রশ্ন নেই', এই সংস্কৃতি আদতে এক ধরণের ভয়-ভিত্তিক বাধ্যতা তৈরি করে।
এতে শিশুর আত্মপ্রকাশ করার ক্ষমতা আর আত্মসম্মান শুরুতেই ধাক্কা খায়। এর ফল হয় সুদূরপ্রসারী; পরিণত বয়সে যখন সে কর্মক্ষেত্রে কোনো বড় ভুল বা অন্যায় দেখে, তখনও সে প্রতিবাদ করতে পারে না। ছোটবেলার সেই "চুপ থাকার অভ্যাস" তখন তার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, যা ধীরে ধীরে তার মানসিক স্বাভাবিকতা আর মানসিক শান্তি নষ্ট করে দেয়।
সমস্যাকে টিকিয়ে রাখার ৪ টি প্রধান কারণ
সমাজের প্রশংসা ও পুরস্কার ব্যবস্থা
কেন আমাদের সমাজ 'বাধ্য' ছেলেদের এত বেশি পছন্দ করে? আসলে আমরা অনেক সময় 'চুপচাপ থাকা' আর 'আবেগ দমন করা', এই দুটোকে গুলিয়ে ফেলি। যখনই কোনো ছেলে নিজের সব কষ্ট বা মতামত চেপে রেখে রোবটের মতো কথা মেনে চলে, আমরা তাকে 'ভদ্রতা'র তকমা দিয়ে পুরস্কৃত করি।
স্কুলের ক্লাসে যে ছেলেটি একদম শান্ত হয়ে বসে থাকে, শিক্ষকরা তাকেই উদাহরণ হিসেবে টেনে বলেন, "দেখো, ও কত ভদ্র ছেলে!" আবার বাড়িতেও যে সন্তান কোনো প্রশ্ন না তুলে সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়, আত্মীয়-স্বজনরা খুশি হয়ে বলে, "ওর মতো লক্ষ্মী ছেলে আর হয় না।" এই প্রশংসাগুলোই শিশুদের মনে এক ভুল ধারণা তৈরি করে। তারা বুঝতে শেখে যে যত বেশি নিজেকে চেপে রাখা যাবে, তত বেশি ভালোবাসা আর সম্মান পাওয়া যাবে। বিপরীতে, যে ছেলেটি নিজের ইচ্ছা বা কষ্টের কথা জানায়, তাকে অনেক সময় 'অবাধ্য' বা 'বেয়াদব' তকমা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়। ফলে অবচেতনভাবেই তারা বিশ্বাস করতে শুরু করে যে, নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করা মানেই বিপদ ডেকে আনা। এভাবে একসময় ভালোবাসা পাওয়ার লোভে তারা নিজের অস্তিত্বকেই বিসর্জন দিয়ে দেয়।অনুভূতি নিয়ে খোলামেলা কথা না বলা
আমাদের পরিবার বা বন্ধুদের আড্ডায় আবেগ নিয়ে কথা বলাটা যেন এক অলিখিত মানা। খেয়াল করে দেখবেন, আমাদের বাবা-মায়েরা খুব কমই সন্তানদের সামনে বলেন, "আজ আমার খুব মন খারাপ" কিংবা "ভবিষ্যৎ নিয়ে আমি খুব ভয়ে আছি।" বড়দের এই নীরবতা দেখে ছেলেরাও ছোটবেলা থেকেই শিখতে থাকে যে, নিজের কষ্টগুলো ভেতরে রাখাই হয়তো নিয়ম।
এমনকি বন্ধুদের আড্ডাতেও সিনেমা, রাজনীতি বা খেলা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা হয়, কিন্তু কেউ যদি নিজের বিষণ্ণতা নিয়ে কথা তুলতে চায়, পরিবেশটাই যেন গুমোট হয়ে যায়। এর ফলে ছেলেরা বড় হতে হতে ভুলেই যায় কীভাবে নিজের অনুভূতিগুলো শব্দে প্রকাশ করতে হয়।
উদাহরণস্বরূপ: একজন ছেলে যখন চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়ে প্রচণ্ড ভেঙে পড়ে, তখন সে প্রিয় বন্ধুর কাছে গিয়ে হাউমাউ করে কাঁদার বদলে হয়তো উল্টো একটা জোকস শুনিয়ে দেয় বা একদম চুপচাপ হয়ে যায়। সে আসলে চায় তার বন্ধু তাকে বুঝুক, কিন্তু তার কাছে এমন কোনো 'শব্দ' বা 'ভাষা' নেই যা দিয়ে সে নিজের ভেতরের যন্ত্রণাটুকু প্রকাশ করতে পারে।কলঙ্ক ও ভয়
মানসিক স্বাস্থ্য নিয়ে সাহায্য চাইলে এখনও অনেকেই নেগেটিভ রিয়েকশন দেয়। কেউ যদি কাউন্সেলরের কাছে যায় বা বন্ধুদের বলে “আমি মানসিকভাবে ভালো নেই”, তখন প্রায়ই শোনা যায়, “এত ছোট ব্যাপারে মানসিক চিকিৎসক দরকার?” বা “তুই কি পাগল নাকি?” এই কলঙ্ক আর ভয় পুরুষদের আরও চুপ করে রাখে। বাস্তবে দেখা যায়, অনেক ছেলে ভেতরে ভেতরে বিষণ্ণতা, উদ্বেগ বা চাপের মধ্যে থাকলেও সাহায্য চায় না, কারণ তারা ভাবে সমাজে ছোট হয়ে যাবে, বা সবাই তাকে দুর্বল বলবে।
প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সেই নীরবতা
আমাদের পরিবারগুলোতে ছেলেরা বড় হয় অনেকটা তার বাবার ছায়া দেখে। বাবা যদি কখনোই তার সামনে চোখের জল না ফেলেন কিংবা কোনোদিন নিজের দুঃখের কথা না বলেন, তবে সেই ছেলেটি অবচেতনভাবেই শিখে নেয়, "আসল পুরুষ হতে হলে নির্লিপ্ত হতে হয়।" এভাবেই আবেগ চেপে রাখার এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে উত্তরাধিকার সূত্রে চলতে থাকে।
যেমন ধরুন: জীবনের কোনো এক কঠিন মুহূর্তে বাবা হয়তো ছেলেকে বলছেন, "আমি তো সারাজীবন কত কষ্ট পেলাম, মুখ ফুটে কাউকে কিচ্ছু বলিনি। তুইও তেমন শক্ত হতে শেখ।" এই একটি কথাতেই ছেলেটি বুঝে নেয় যে, মনের কষ্ট প্রকাশ করা মানেই সে যথেষ্ট 'পুরুষ' হয়ে উঠতে পারেনি। বাবার এই তথাকথিত 'শক্ত থাকা'র আদর্শ মানতে গিয়ে ছেলেটিও একসময় তার আবেগগুলোকে পাথর বানিয়ে ফেলে। এভাবে যুগের পর যুগ আমরা এমন এক পুরুষ সমাজ গড়ে তুলছি, যারা হাসতে জানে কিন্তু কাঁদতে ভুলে গেছে।
মনস্তাত্ত্বিক প্রভাব
অন্তর্দ্বন্দ্ব ও হতাশা
আপনার চারপাশে কি এমন কাউকে দেখেছেন, যিনি সবসময় খুব শান্ত আর ধীরস্থির, কিন্তু হঠাৎ কোনো তুচ্ছ কারণে প্রচণ্ড রেগে ফেটে পড়েন? যখন একজন পুরুষ বছরের পর বছর নিজের আবেগগুলোকে মনের গহীনে চেপে রাখেন, তখন ভেতরে এক ধরণের অস্থির আগ্নেয়গিরি তৈরি হয়। বাইরে থেকে তাকে নির্লিপ্ত মনে হলেও ভেতরে চলতে থাকে এক অবিরাম যুদ্ধ। অনেক সময় এই জমানো চাপ হঠাৎ করেই কোনো ছোট অজুহাতে আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসে। হয়তো তুচ্ছ কারণে স্ত্রী বা বন্ধুর ওপর চিৎকার করে ওঠা। আবার অনেকে এই নীরব যুদ্ধে ক্লান্ত হয়ে এতটাই হতাশ হয়ে পড়েন যে ধীরে ধীরে বিষণ্ণতার অতলে তলিয়ে যান।
নেশার আড়ালে পালানোর চেষ্টা
নিজের কষ্টগুলো প্রকাশ করতে না পেরে অনেক পুরুষ অজান্তেই এক ধরণের ‘পালানোর পথ’ খুঁজে নেন। ধূমপান, মদ্যপান বা অন্য কোনো নেশা তখন হয়ে ওঠে মনের চাপ কমানোর একটা অস্থায়ী আশ্রয়। অফিসে সারাদিন বসের ঝাড়ি আর হাজারো দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে একজন পুরুষ রাতে বাড়ি ফিরলেন। তিনি কাউকে বলতে পারছেন না তার কতটা খারাপ লাগছে। তখন বন্ধুর সাথে আড্ডায় বসে একের পর এক সিগারেট ফুঁকছেন। বাইরে থেকে দেখলে হয়তো এটা সাধারণ অভ্যাস মনে হবে, কিন্তু আসলে তিনি সিগারেটের ধোঁয়ার সাথে নিজের ভেতরের অস্থিরতাটুকু ভুলে থাকার চেষ্টা করছেন। এভাবেই সাময়িক স্বস্তি পেতে গিয়ে একটা সময় তারা অজান্তেই আসক্তির জালে জড়িয়ে পড়েন।
শারীরিক স্বাস্থ্য
আবেগ দমন শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, শরীরেও এর বড় প্রভাব পড়ে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে তৈরি হয় অনিদ্রা, মাথাব্যথা, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি। উদাহরণস্বরূপ, একজন পুরুষ যদি সারাদিনের দুশ্চিন্তা কারো সঙ্গে শেয়ার না করে রাতে বিছানায় যান, তার ঘুম বারবার ভেঙে যাবে। এভাবে জমতে জমতে চাপ শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে দেয়।
সম্পর্ক ও পিতৃত্বে প্রভাব
দাম্পত্যে নীরবতার দেয়াল
কত শত দাম্পত্য সম্পর্ক যে স্রেফ এই ‘চুপ করে থাকা’র কারণে তিলে তিলে ভেঙে যায়, সেটা কি আমরা কখনো গুরুত্ব দিয়ে ভেবেছি? একজন পুরুষ যখন তার মনের কথাগুলো প্রকাশ করতে পারেন না, তখন অজান্তেই জীবনসঙ্গীর সাথে তার এক যোজন দূরত্ব তৈরি হয়। বাইরে থেকে হয়তো সংসারটা একদম স্বাভাবিক মনে হয়, কিন্তু মনের ভেতরকার ভালোবাসা, ভয়, অনিশ্চয়তা বা অস্থিরতাগুলো শেয়ার না করার ফলে দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায়। স্বামী হয়তো অফিসের কাজ বা বড় কোনো দুশ্চিন্তা নিয়ে মুখ ভার করে চুপচাপ বসে আছেন। তিনি ভাবছেন, "একাই সামলে নেব, স্ত্রীকে টেনশন দিয়ে লাভ নেই।" অন্যদিকে তার স্ত্রী ভাবছেন, "সে কি আমাকে আর আগের মতো বিশ্বাস করে না? কেন সে আমার থেকে দূরে দূরে থাকছে?" এই ছোট ছোট না বলা কথা আর ভুল বোঝাবুঝিগুলোই এক সময় সম্পর্কের গভীরতা কমিয়ে দেয় এবং ভালোবাসার জায়গাটা তিক্ততায় ভরে ওঠে।
পিতৃত্বের সীমাবদ্ধতা ও আগামীর শিক্ষা
আমাদের সমাজে এখনো একটা ধারণা গেঁথে আছে, "বাবা যদি সন্তানের সামনে কাঁদেন বা ভেঙে পড়েন, তবে সন্তানরা তাকে দুর্বল ভাববে।" এই ভয়ে বাবারা সবসময় নিজেদের একটা কঠিন খোলসের ভেতরে আটকে রাখেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে উল্টো কথা। বাবা যখন সন্তানের সামনে নিজের আবেগ (যেমন: দুঃখ বা কষ্ট) প্রকাশ করেন, তখন সন্তান আসলে শিখতে পারে যে আবেগ থাকাটা স্বাভাবিক এবং কীভাবে সুস্থ উপায়ে তা সামলাতে হয়। একজন 'পাথর' বাবার চেয়ে একজন 'আবেগপ্রবণ' বাবা সন্তানদের মানুষ হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেন।
সামাজিক সম্পর্কের দূরত্ব
যখন পুরুষরা বন্ধু বা আত্মীয়দের সাথে নিজের মনের টানাপোড়েন নিয়ে কথা বলা বন্ধ করে দেন, তখন ধীরে ধীরে সেই সম্পর্কগুলো ফিকে হয়ে আসে। আপনি হয়তো ভাবছেন কষ্ট চেপে রেখে আপনি নিজেকে সামলাচ্ছেন, কিন্তু আপনার বন্ধুরা ভাবছেন আপনি হয়তো এখন তাদের প্রতি নির্লিপ্ত বা অনিচ্ছুক। গবেষণায় দেখা গেছে, যারা নিজের আবেগ খুব বেশি দমন (Expressive Suppression) করেন, তারা সামাজিকভাবে একা হয়ে পড়েন এবং জীবনের প্রতি এক ধরণের অতৃপ্তি নিয়ে বেঁচে থাকেন। মন খুলে কথা বলতে না পারার এই অভ্যাসটি শেষমেশ এক গভীর সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে।
কর্মক্ষেত্রে ‘পুরুষ’ হওয়ার চড়া মাশুল
অতিরিক্ত দায়িত্বের বোঝা
আমাদের সমাজে এখনো পুরুষকেই পরিবারের ‘প্রধান অন্নদাতা’ হিসেবে দেখা হয়। ফলে অফিসের ছোটখাটো সমস্যাকেও তারা জীবনের বিশাল সংকট হিসেবে দেখতে বাধ্য হন। যেমন, অফিসে কোনো টার্গেট পূরণ না হলে বা প্রোজেক্টে সমস্যা হলে একজন পুরুষ কেবল তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হন না, বরং ভাবেন, "চাকরিটা চলে গেলে আমার পুরো পরিবারের কী হবে?" এই অবিরাম অনিশ্চয়তা তাদের মানসিক চাপকে বহুগুণ বাড়িয়ে দেয়।
নেতৃত্বে মেকি কঠোরতা
অফিস পাড়ায় একটি অলিখিত নিয়ম হলোঃ পুরুষ বস বা কলিগকে সবসময় ‘সবজান্তা’ এবং ‘নির্ভীক’ হতে হবে। নিজের দুর্বলতা বা স্ট্রেসের কথা প্রকাশ করলে লোকে তাকে “অদক্ষ” বা “অযোগ্য” ভাবতে পারে। এই ভয় থেকে অনেক পুরুষ অযথাই কঠোর হয়ে ওঠেন। তারা সহকর্মীদের প্রতি সহানুভূতি দেখানোর বদলে কেবল হুকুম দিয়ে কাজ আদায় করতে চান। এভাবে তৈরি হয় একটি বিষাক্ত কর্মপরিবেশ (Toxic Work Culture), যেখানে মানুষের মনের চেয়ে কাজের ডেডলাইন বেশি গুরুত্ব পায়।
বার্নআউট বা চূড়ান্ত ক্লান্তি
সব চাপ যখন একা কাঁধে বইতে হয়, তখন একসময় শরীর ও মন, দুটোই জবাব দিয়ে দেয়। একেই আমরা বলি ‘বার্নআউট’। এই অবস্থায় কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, সবসময় এক ধরণের ক্লান্তি আর উদাসীনতা ঘিরে ধরে। এটি কেবল কাজের ক্ষতি করে না, বরং দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ বা অনিদ্রার মতো শারীরিক জটিলতাও তৈরি করে।
মুক্তির পথ: ৫টি সহজ পদক্ষেপ
শৈশব থেকেই হোক নতুন শুরু
প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ধরনে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। "ছেলেরা কাঁদে না", এই ক্ষতিকর কথাটি বাদ দিয়ে ছেলেদের শেখাতে হবে যে কান্না কোনো দুর্বলতা নয়, বরং একটি স্বাভাবিক আবেগ। আপনার ছোট ছেলেটি যদি পড়ে গিয়ে ব্যথা পায়, তবে তাকে ধমক না দিয়ে বুকে টেনে নিন। সে যদি পরীক্ষায় খারাপ করে মন খারাপ করে থাকে, তবে তাকে বলতে দিন কেন সে কষ্ট পাচ্ছে। যখন সে ছোট থেকেই কথা বলার সুযোগ পাবে, তখন বড় হয়ে সে আর নিজের আবেগ লুকিয়ে রাখবে না।
পরিবার হোক আশ্রয়ের জায়গা
পরিবারের প্রতিটি সদস্যের, বিশেষ করে বাবা, মা বা বড় ভাইবোনের দায়িত্ব হলো ছেলেদের কথা মন দিয়ে শোনা। অনেক সময় ছেলেরা চুপচাপ হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে হয়তো বিশাল কোনো ঝড় সইছে। পরিবারে এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে সে নির্দ্বিধায় বলতে পারে, "আজ আমার দিনটি ভালো কাটেনি।" যখন সে জানবে তার অনুভূতিগুলোকে কেউ উড়িয়ে দেবে না, তখন তার জন্য মনের কথা খুলে বলা সহজ হয়ে যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য শিক্ষা
স্কুল-কলেজে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, মানসিক স্বাস্থ্যের প্রাথমিক শিক্ষাও থাকা জরুরি। ছেলেদের শেখাতে হবে কীভাবে নিজের রাগ, দুঃখ বা হতাশা চিনতে হয় এবং তা ইতিবাচকভাবে প্রকাশ করতে হয়। রাগ হলে দেয়াল ভাঙচুর না করে বা চুপ না থেকে কীভাবে কথা বলে সমস্যার সমাধান করা যায়। এই শিক্ষা তাদের পরিণত বয়সে অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী করবে।
কাউন্সেলিং হোক একদম সাধারণ বিষয়
আমাদের সমাজে কাউন্সেলিং বা থেরাপি নিয়ে যে ভুল ধারণা আছে, তা ভাঙতে হবে। যেমন জ্বর বা ব্যথা হলে আমরা নির্দ্বিধায় ডাক্তারের কাছে যাই, তেমনি মন খারাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা হলেও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একেবারেই স্বাভাবিক। একে "পাগলের ডাক্তার" না ভেবে "মনের যত্ন নেওয়ার উপায়" হিসেবে দেখা শিখতে হবে। পেশাদার সাহায্য নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং সুস্থ থাকার একটি সচেতন সিদ্ধান্ত।
পুরুষদের জন্য ‘সেফ স্পেস’ বা নিরাপদ আড্ডা
বন্ধুদের আড্ডায় শুধু খেলাধুলা বা রাজনীতি নিয়ে কথা না বলে মাঝে মাঝে নিজেদের ব্যক্তিগত দুশ্চিন্তা ও মানসিক অবস্থা নিয়েও আলাপ করুন। যখন চার-পাঁচজন বন্ধু মিলে নিজেদের ভেতরের চাপগুলো শেয়ার করে, তখন বোঝা যায়, লড়াইটা সে একাই লড়ছে না। এই ধরণের খোলামেলা আলোচনা একঘেয়েমি কমায় এবং একে অপরের প্রতি সহমর্মিতা বাড়াতে সাহায্য করে।
সমাধান বাস্তবায়নে ৪ টি প্রধান বাধা
সামাজিক লোকলজ্জা বা কলঙ্ক
আমাদের দেশে এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা মানেই যেন এক বিরাট লজ্জা। কেউ যদি সাহস করে বলে যে সে থেরাপি বা কাউন্সেলিং নিচ্ছে, তবে তাকে নিয়ে হাসাহাসি করা হয় কিংবা তাকে 'দুর্বল' বা 'পাগল' হিসেবে লেবেল করে দেওয়া হয়। এই যে "লোকে কী ভাববে" বা ছোট হওয়ার ভয়, এটাই পুরুষদের নিজের সমস্যার কথা লুকিয়ে রাখতে বাধ্য করে।
পারিবারিক বাধা
পরিবার থেকেই প্রথম বাধাটা আসে। অধিকাংশ পরিবার মনে করে ছেলে হওয়া মানেই সে হবে এক লোহার মানুষ। যার কোনো কান্না নেই, কোনো ক্লান্তি নেই। কোনো ছেলে যদি তার বাবার কাছে গিয়ে বলে, "আমি আর পারছি না, ভীষণ চাপে আছি," অনেক সময় উত্তর আসে, "পুরুষ মানুষ হয়েছ, এসব বললে চলে? শক্ত হও!" এই ধরণের জবাবগুলোই ছেলেদের ভেতরের পরিবর্তনের সব জানালা বন্ধ করে দেয়।
সমস্যার গভীরতা বুঝতে না পারা
আবেগ চেপে রাখা বা সব সময় শক্ত খোলস পরে থাকা যে এক ধরণের রোগ। সেটাই আমরা অনেকে জানি না। আমাদের স্কুল, পাড়া-মহল্লা এমনকি মিডিয়াতেও মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন কোনো গঠনমূলক আলাপ হয় না। ফলে দিনের পর দিন একটা মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়লেও সে নিজেও বোঝে না যে তার আসলে সাহায্য দরকার।
চিকিৎসার খরচ ও দুষ্প্রাপ্যতা
অনেকে হয়তো নিজের সমস্যাটা বোঝেন এবং সাহায্য নিতে চান, কিন্তু সাধ্যের বাইরে থাকায় আর পারেন না। ভালো মানের কাউন্সেলিং বা থেরাপি আমাদের দেশে এখনো বেশ ব্যয়বহুল এবং সব জায়গায় সহজে পাওয়াও যায় না। এই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত থাকে।
সমাধান বাস্তবায়নের ৫ টি স্ট্রাটেজি
শিক্ষা থেকেই পরিবর্তনের শুরু
শৈশব থেকেই যদি স্কুলে আবেগ প্রকাশ, মানসিক স্বাস্থ্য আর লিঙ্গভিত্তিক সমাজীকরণ নিয়ে ক্লাস নেওয়া হয়, তাহলে ছেলে-মেয়েরা ছোটবেলা থেকেই শিখবে যে কান্না, ভয় বা কষ্ট প্রকাশ করা একেবারেই স্বাভাবিক। যেমন, ক্লাসে শিক্ষক যদি বলেন-“তুমি দুঃখ পেলে সেটা প্রকাশ করো, এটা কোনো দুর্বলতা নয়”-তাহলেই শিশুদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
মিডিয়ার গল্পে লুকিয়ে থাকে পরিবর্তনের শক্তি
নাটক, সিনেমা বা বিজ্ঞাপন মানুষের চিন্তাধারায় বড় প্রভাব ফেলে। যদি সেখানে এমন পুরুষ চরিত্র দেখানো হয় যারা খোলামেলা আবেগ প্রকাশ করে, তবে ধীরে ধীরে সমাজেও এই ধারণা ছড়িয়ে পড়বে। যেমন, একজন জনপ্রিয় নায়ক যদি সিনেমায় পরিবারে কেঁদে ফেলা বা কষ্ট প্রকাশ করাকে স্বাভাবিকভাবে দেখান, দর্শকরাও তা সহজে মেনে নেবে।
পরিবারের ভেতর পরিবর্তন
অভিভাবকদের আচরণই পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে বড় শিক্ষা। যদি বাবা-মা তাদের ছেলেদের সঙ্গে সমানভাবে আচরণ করেন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে ধীরে ধীরে সেই প্রজন্ম বড় হয়ে নতুন মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে। উদাহরণস্বরূপ, বাবা যদি ছেলের সামনে নিজের দুঃখ বা কান্না শেয়ার করেন, সন্তানও শিখবে আবেগ প্রকাশ করতে।
স্কুল থেকে অফিস - সহজলভ্য হোক মানসিক স্বাস্থ্যসেবা
মানসিক স্বাস্থ্যসেবাকে সবার নাগালের মধ্যে আনতে হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে সাশ্রয়ী মূল্যে কাউন্সেলিং সার্ভিস ছড়িয়ে দেওয়া গেলে অনেকেই নির্দ্বিধায় সাহায্য নিতে পারবে। যেমন, স্কুল বা কলেজে সহজলভ্য কাউন্সেলিং কর্নার থাকলে শিক্ষার্থীরা অল্প বয়স থেকেই সহায়তা পেতে পারবে।
রোল মডেল হোক সাহসী ও সৎ পুরুষ
জনপ্রিয় ব্যক্তিত্বরা মানুষের মানসিকতা গঠনে বড় ভূমিকা রাখেন। যদি অভিনেতা, খেলোয়াড় বা জননন্দিত ব্যক্তিত্বরা খোলাখুলি আবেগ প্রকাশ করেন এবং সেটা মিডিয়ায় বারবার উঠে আসে, তবে সমাজের দৃষ্টিভঙ্গি দ্রুত বদলাবে। যেমন, কোনো জনপ্রিয় ক্রিকেটার যদি সাক্ষাৎকারে বলেন যে তিনি হতাশায় ভুগেছিলেন এবং কাউন্সেলিং নিয়েছেন, তবে অনেক পুরুষই অনুপ্রাণিত হবে একই কাজ করতে।
সুস্থ পুরুষ হয়ে ওঠার যাত্রা
“ভালো ছেলে” বানানোর দোহাই দিয়ে আবেগ আর অনুভূতিকে শ্বাসরোধ করে মারার যে সংস্কৃতি আমাদের সমাজে গেঁথে আছে, তা ভেঙে ফেলার সময় এখনই। আমাদের বুঝতে হবে, পুরুষত্ব মানে কেবল পাথরের মতো শক্ত হওয়া নয়; বরং নিজের ভালোবাসা, কষ্ট আর অবদমিত ভয়গুলোকে স্বীকার করার সাহস রাখা।
যদি পরিবারগুলো ছেলেদের পাশে দাঁড়ায়, সমাজ যদি ভুল ধারণাগুলো বদলে নতুন বার্তা দেয়, আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শেখায় কীভাবে সুস্থভাবে আবেগ প্রকাশ করতে হয়, তবেই আমরা এক নতুন প্রজন্মের দেখা পাব। সেই প্রজন্ম হবে এমন এক দল পুরুষের, যারা আবেগ চেপে রাখতে নয় বরং তা প্রকাশ করতে সাহসী হবে। তারা সম্পর্কের ক্ষেত্রে হবে আরও আন্তরিক এবং মানসিকভাবে অনেক বেশি সুসংহত।
এই পরিবর্তন আজ থেকেই শুরু হতে পারে। একটি অনুভূতি স্বীকার করার মাধ্যমে, একটু কথা বলার মাধ্যমে কিংবা প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। যদি আমরা শুধু একটি কথা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি: "কাঁদা কোনো দুর্বলতা নয়, বরং এটিই আমাদের মানবিকতার পরিচয়।"
আপনার এই মানসিক সুস্থতার লড়াইয়ে Relaxy শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং আপনার যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী। এখানে আপনি কেবল মানসিক চাপ বা উদ্বেগই কমাবেন না, বরং নিজের আবেগ চেনা, রাগ নিয়ন্ত্রণ করা এবং জীবনের কঠিন সময়গুলো সামলে ওঠার সঠিক কৌশলগুলো শিখতে পারবেন।
Relaxy আপনাকে দিচ্ছে এমন এক নিরাপদ গণ্ডি, যেখানে আপনি আপনার মতোই অভিজ্ঞতাসম্পন্ন মানুষের সাথে মন খুলে কথা বলতে পারবেন। নিজের ভেতরের ক্ষতগুলো সারিয়ে তুলতে, ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে এবং সম্পর্কগুলোকে আরও সুন্দর করতে আজই আমাদের সাথে যুক্ত হোন।
রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন অথবা কাউন্সেলিং সেশন বুক করুন - এখানে।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.