ডিজিটাল ডিটক্স: সত্যিই কি কাজে দেয়?
জানুন কীভাবে মোবাইল, সোশ্যাল মিডিয়া ও নোটিফিকেশন থেকে ছোট বিরতি স্ট্রেস কমাতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।
%20Medium.jpeg?alt=media&token=546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6)
Mahbub Ul Asem
Psychologist

ডিজিটাল ডিটক্স: সত্যিই কি কাজে দেয়?
আজকাল অনেকেই “ডিজিটাল ডিটক্স” করার কথা বলছেন। মানে, কিছু সময়ের জন্য মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অন্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা। আমাদের অনেকের কাছেই বিষয়টা একটু অদ্ভুত মনে হতে পারে, পুরোপুরি ফোন ছাড়া থাকা কি আদৌ সম্ভব?
তবুও, প্রযুক্তি থেকে বিরতি নিয়ে মস্তিষ্ককে “রিসেট” করার ধারণাটা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কেউ দামি উইকএন্ড রিট্রিটে যান, কেউ আবার এক সপ্তাহের ছুটিতে গিয়ে ফোন বন্ধ রাখেন। মজার ব্যাপার হলো, আবার এমন অ্যাপও আছে যেগুলো ডাউনলোড করে বলা হয়, এই অ্যাপ ব্যবহার করুন, যাতে আপনি অন্য অ্যাপ ব্যবহার না করেন!
এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে,
ডিজিটাল ডিটক্স কি সত্যিই কাজ করে, নাকি এটা আর দশটা হেলথ ট্রেন্ডের মতো, যা আমাদের আসল সমস্যাগুলো থেকে চোখ সরিয়ে দেয়?
ডিজিটাল ডিটক্স আসলে কী?
অনেকের কাছে ডিজিটাল ডিটক্স মানে কিছু সময়ের জন্য সব ধরনের ডিজিটাল প্রযুক্তি একেবারে বন্ধ করে দেওয়া। তবে বিষয়টা এত চরম নাও হতে পারে।
ডিজিটাল ডিটক্স হতে পারে,
- শুধু সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা
- নির্দিষ্ট কোনো অ্যাপ (যেটা আপনি অতিরিক্ত ব্যবহার করেন) ব্যবহার না করা
- সারাক্ষণ আসা নোটিফিকেশনগুলো সাইলেন্ট করে রাখা
মানুষ সাধারণত ডিজিটাল ডিটক্স করেন কয়েকটা কারণে,
- খারাপ অভ্যাস ভাঙার জন্য
- নিজের মনোযোগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য
- স্ক্রিনের সামনে কম সময় কাটিয়ে জীবনের অন্য দরকারি কাজে সময় দেওয়ার জন্য
কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এতে কি সত্যিই কাজ হয়?
ডিজিটাল ডিটক্সের চাহিদা বাড়ছে মানেই যে এটা সব সময় কাজ করে, এমন নয়। অনলাইনে অনেক ভালো রিভিউ পাওয়া যায়, কেউ বলছেন, ডিটক্স অ্যাপ ব্যবহার করে জীবন বদলে গেছে, কেউ আবার বলছেন ফোনবিহীন রিট্রিটে গিয়ে দারুণ উপকার পেয়েছেন। কিন্তু এসব অভিজ্ঞতা পুরোপুরি নিরপেক্ষ নাও হতে পারে। ধরুন, কেউ অনেক টাকা খরচ করে কোনো ডিটক্স প্রোগ্রামে অংশ নিয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি ভাবতে চাইবেন, টাকাটা সার্থক হয়েছে।
তাই আসল প্রশ্নের উত্তর পেতে দরকার বৈজ্ঞানিক গবেষণা, বিশেষ করে ভালোভাবে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা।
গবেষণা কী বলে?
গবেষণা (Radtke et al.) বলছে, ডিজিটাল ডিটক্স কাজ করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে,
- কিছুদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ রাখলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়
- নোটিফিকেশনের সংখ্যা কমালে স্ট্রেস কমে এবং ভালো লাগা বাড়ে
- কিছু সময়ের জন্য স্মার্টফোন কম ব্যবহার করলে বা একেবারে বন্ধ রাখলে উপকার পাওয়া যায়
এই গবেষণাগুলোর বিশেষত্ব হলো, এগুলো বাস্তব জীবনে করা পরীক্ষার ওপর ভিত্তি করে, যেখানে অংশগ্রহণকারীদের রেন্ডমলি দুই দলে ভাগ করা হয়। এ ধরনের গবেষণাকেই সবচেয়ে নির্ভরযোগ্য ধরা হয়।
পুরো ফোন বন্ধ নয়, ছোট পরিবর্তনই বেশি কাজের
বেশিরভাগ গবেষণায় দেখা গেছে,
- সব ডিজিটাল ডিভাইস একেবারে বন্ধ করার চেয়ে
- একটা নির্দিষ্ট অ্যাপ বন্ধ করা বা
- ফোন ব্যবহারের সময় কমানো
এই ছোট পরিবর্তনগুলোই বেশি কার্যকর। এই আংশিক ডিটক্স সাধারণত ১ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত চলে। তবে সবচেয়ে ভালো ফল পাওয়া গেছে তখনই, যখন পরিবর্তনটা কমপক্ষে ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে রাখা হয়েছে।
‘ডাম্বফোন স্টাডি’:
এই ছোট কিন্তু দারুণ গবেষণার (Castelo et al., 2025) গল্পগবেষকরা অংশগ্রহণকারীদের দুই দলে ভাগ করেন—
- এক দল স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করেন
- আরেক দল দুই সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখেন
এর জন্য ‘Freedom’ নামের একটি অ্যাপ ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনগুলো ফোন কল ও এসএমএস ছাড়া আর কিছুই করতে পারত না, একদম পুরোনো দিনের “ডাম্বফোন”! দুই সপ্তাহ পর দেখা গেল,
- মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে
- উদ্বেগ, হতাশা ও রাগ কমেছে
- মনোযোগ ধরে রাখার ক্ষমতা বেড়েছে
এমনকি একটি মনোযোগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা এত ভালো করেছেন, যা প্রায় ১০ বছর বয়সজনিত মনোযোগ কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে দেয়ার মতো!
কেন এমন হলো?
গবেষকরা কয়েকটা কারণ চিহ্নিত করেছেন—
- মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ডিজিটাল কনটেন্ট কম দেখা হয়েছে
- প্রতিদিন প্রায় ২.৫ ঘণ্টা সময় ফাঁকা হয়েছে—যেটা মানুষ বই পড়া, বাইরে হাঁটা বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ব্যবহার করেছে
- ফোনের ডিসট্র্যাকশন কম থাকায় মানুষ কাজগুলো বেশি মনোযোগ দিয়ে উপভোগ করতে পেরেছে
তাহলে ডিজিটাল ডিটক্স করবেন কীভাবে?
ডিজিটাল ডিটক্স করতে চাইলে তিনটা বিষয় ভাবা জরুরি,
১. কোন কনটেন্ট বা অ্যাপ আপনার জন্য “টক্সিক” তা চিহ্নিত করুন
২. ফোনের সময় কমিয়ে সেই জায়গায় আনন্দদায়ক অফলাইন কাজ যোগ করুন
৩. ফোনের ডিসট্র্যাকশন (নোটিফিকেশন ইত্যাদি) কমান
মনে রাখবেন, আপনাকে সারাজীবন ফোন বন্ধ রাখতে হবে না। গবেষণা বলছে, মাত্র এক–দুই সপ্তাহের ডিজিটাল ডিটক্সও দীর্ঘমেয়াদে উপকার দিতে পারে।
ডিজিটাল দুনিয়ায় আমরা যতই ডুবে থাকি না কেন, আমাদের সময় আর মনোযোগ খুবই মূল্যবান। ডিজিটাল ডিটক্স পুরো সমাধান না হলেও, এটা আমাদের জন্য একধরনের ভালো থাকার উপায়। এটা কোনো সাময়িক ট্রেন্ড নয়, ঠিকভাবে করলে ডিজিটাল ডিটক্স সত্যিই মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে, স্ট্রেস কমাতে পারে, এমনকি মনোযোগ বাড়াতেও সাহায্য করে।
আর সবচেয়ে ভালো খবর? ডিজিটাল ডিটক্স এর জন্য দামি রিট্রিটে যাওয়ার দরকার নেই—দৈনন্দিন জীবনের ছোট, সহজ পরিবর্তনই যথেষ্ট।
এখনই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন
আপনার প্রিয়জনের পাশে থাকুন এবং কাউন্সেলিং নিতে তাদের উদ্বুদ্ধ করুন।
Castelo, N., Kushlev, K., Ward, A. F., Esterman, M., & Reiner, P. B. (2025). Blocking mobile internet on smartphones improves sustained attention, mental health, and subjective well-being. PNAS Nexus, 4(2). https://doi.org/10.1093/pnasnexus/pgaf017
Radtke, Theda, et al. “Digital Detox: An Effective Solution in the Smartphone Era? A Systematic Literature Review.” Mobile Media & Communication, vol. 10, no. 2, 15 July 2021, pp. 190–215, journals.sagepub.com/doi/full/10.1177/20501579211028647, https://doi.org/10.1177/20501579211028647.
Did you find this article helpful?
%20Medium.jpeg?alt=media&token=546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6)
Mahbub Ul Asem
Psychologist
I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.